রাজশাহীতে বাস চলাচল বন্ধ
রাজশাহীতে বাস-চালকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা ও মিশুক-চালকদের দ্বন্দ্বের জের ধরে আজ সোমবার সকাল থেকে কোন রুটে বাস ছেড়ে যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কগুলোতে এখনো কোনো বাস চলাচল করছে না। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।সড়ক পরিবহন গ্রুপ জানায়, গত শনিবার রাজশাহীর বাস-শ্রমিকদের সঙ্গে অটোরিকশা ও মিশুক-চালকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় তাঁরা চারটি সিএনজিচালিত অটোরিকশা, একটি হিউম্যান হলার ও একটি বাস ভাঙচুর করেন। এতে ১০ জন বাসশ্রমিক আহত হন। এ ঘটনায় ওই দিন দুপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ছিল। এরপর গতকাল রোববার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়ে আসে। কিন্তু দুপুরে আবার তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় নগরের প্রবেশমুখে বিভিন্ন রুটে হামলা চালিয়ে অন্তত ১৪টি বাস ভাঙচুর এবং বাসশ্রমিকদের পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে গতকাল দুপুর থেকে সড়ক পরিবহন গ্রুপ ও মোটরশ্রমিক ইউনিয়ন রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।এ ব্যাপারে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান অভিযোগ করে বলেন, সিএনজি ও মিশুক-চালকেরা পরিকল্পিতভাবে ভাঙচুর এবং হামলা চালিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুর থেকে সব রুটেই বাস চলাচল বন্ধ করা হয়। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো আলোচনায় বসতে রাজি নন তাঁরা।এদিকে রাজশাহী জেলা মিশুক মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ওরফে শাহীন বলেন, তাঁদের শ্রমিকেরা বিক্ষিপ্ত অবস্থায় কোথাও কোনো বাস ভাঙচুর করেছেন কি না, সে ব্যাপারে তাঁরা কিছু জানেন না।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার প্রথম আলো অনলাইনকে বলেন, সড়ক পরিবহন গ্রুপ এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে ঘটনার শিকার মদন কুমার দাস নামের এক বাসচালক মিশুক-শ্রমিকদের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলেও জানান তিনি।