রাজশাহীতে বাস-টেম্পো শ্রমিক সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীদের ডাকাকে কেন্দ্র করে রাজশাহীতে বাসশ্রমিকদের সঙ্গে টেম্পো-মিশুক শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় তিনটি বাস এবং ১২টি টেম্পো মিশুক ও অটোরিকশা ভাঙচুর করা হয়। আজ রোববার দুপুরে নগরের গোরহাঙ্গা রেলগেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরের রেলগেটে দুপুর ১২টার দিকে কেশরহাটগামী একটি লোকাল বাসে যাত্রীদের ওঠানোর জন্য ওই বাসশ্রমিকেরা ডাকতে শুরু করেন। এ সময় টেম্পো শ্রমিকেরাও একই যাত্রীদের ডাকতে থাকেন।একপর্যায়ে একজন যাত্রীকে নিয়ে বাস ও টেম্পোর শ্রমিকেরা টানাহেঁচড়া শুরু করেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর রাজশাহী নওগাঁ সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাসশ্রমিকেরা।সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনার পর থেকে রাজশাহী-নওগাঁ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষই বোয়ালিয়া থানায় বসেছেন।বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব আলম প্রথম আলোকে বলেন, এখন পরিস্থিতি শান্ত। বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে থানায় বসা হয়েছে।