রাজশাহীতে বাস-টেম্পো সংঘর্ষে নিহত ৪, সড়ক অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ীতে আজ সোমবার বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষক ও ছাত্রসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সোয়া তিন ঘণ্টা রাজশাহী-গোদাগাড়ী সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা সাতটি বাস ভাঙচুর করে। হতাহত সবাই টেম্পোর যাত্রী ছিলেন।নিহত ব্যক্তিরা হলেন—গোদাগাড়ী উপজেলার পিরিজপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মমতাজ বেগম (৬০), ভাটুপাড়া গ্রামের এস্তার আলীর স্ত্রী জাহানারা বেগম (৪০), পিরিজপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র তসিকুল ইসলাম ও পিরিজপুর গ্রামের রাবেয়া বেওয়া (৬০)। এঁদের মধ্যে তসিকুল ও জাহানারা বেগম ঘটনাস্থলেই মারা যান। অপর দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। আহত ব্যক্তিদের প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ওই মহাসড়কের ভাটুপাড়া কদমতলা নামক এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। স্কুলছাত্র নিহত হওয়ার খবর পেয়ে পিরিজপুর উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। বেলা একটার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। তারা অন্তত সাতটি গাড়ি ভাঙচুর করে।এ সময় রাজশাহী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার তৌহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর মধ্যস্থতায় চার দফা দাবি বাস্তবায়নের শর্তে এলাকাবাসী ও শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। দাবিগুলো হচ্ছে—রাস্তায় গতিরোধক নির্মাণ, নসিমন চলাচল বন্ধ করা, প্রেমতলী হাসপাতালে চিকিত্সকের উপস্থিতি নিশ্চিত করা এবং অ্যাম্বুলেন্সে দ্রুত রোগী রাজশাহীতে নেওয়ার ব্যবস্থা করা। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।