রাজশাহীতে বাসের চাপায় প্রাণ হারাল দুই স্কুলছাত্র
রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় গতকাল সোমবার দুপুরে বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত দুই স্কুলছাত্রের নাম আল আমিন ও মঞ্জুর রহমান। তারা দুজনেই নগরের কাশিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ওই বাস ও একটি ট্রাকে আগুন দেয় এবং সড়ক অবরোধ করে। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে জনতার ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আল আমিন পবা উপজেলার চিথলকুল গ্রামের শাহাজান আলীর ছেলে আর মঞ্জুর একই উপজেলার আদাড়িয়াপাড়া গ্রামের মুকুল আলীর ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, আল আমিন ও মঞ্জুর নির্বাচনী পরীক্ষা শেষে গতকাল দুপুর একটার দিকে একটি বাইসাইকেলে করে বিদ্যালয় থেকে কাশিয়াডাঙ্গা মোড়ে এক শিক্ষকের বাসায় যাচ্ছিল। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের কাশিয়াডাঙ্গা মোড়ে পৌঁছার পর তারা বিপরীত দিক থেকে একটি ট্রাক ও যাত্রীবাহী বাস আসতে দেখে। রাস্তার বাঁ পাশে তাদের দিকে মুখ করে রাখা ছিল একটি ট্রাক। বাস ও ট্রাকের বেপরোয়া গতি দেখে তারা সামনে এগিয়ে সড়কের পাশে রাখা ট্রাকটির পেছনে দাঁড়ায়। চলন্ত ট্রাকটিকে অতিক্রম করতে ব্যর্থ হয়ে বাসচালক দাঁড়ানো ট্রাকটির পেছনে আছড়ে পড়ে। এতে পিষ্ট হয়ে আল আমিন ও মঞ্জুর ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ করে। তারা ওই ট্রাক ও যাত্রীবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করে। জনতা পুলিশের ওপরে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা শুরু করে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে থাকে। এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেলে এবং জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের চার সদস্য, স্থানীয় তিন সাংবাদিক ও এলাকাবাসীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। এদের মধ্যে পুলিশের কনস্টেবল নুরুজ্জামানের অবস্থা গুরুতর। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শত শত মানুষ গতিরোধক নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছে। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র শরীফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে গতিরোধক তৈরির প্রতিশ্রুতি দেন এবং সিটি করপোরেশনের প্রকৌশলীরা সেখানে গতিরোধক তৈরির জন্য রাস্তায় মাপজোখ শুরু করেন। এ অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ গাড়ি চলাচলের অনুমতি দিলে জনতা আবার ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পুলিশও তাদের লাঠিপেটা করে। তবে ১০ মিনিটের মধ্যে পরিস্থিতি শান্ত হয়। এরপর ওই রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় নিহত আল আমিনের বাবা শাহাজান আলী কৃষক। তাঁর তিন সন্তানের মধ্যে আল আমিন ছোট। শাহাজান আলী প্রথম আলোকে বলেন, ‘সকালে ফজরের নামাজ পড়ার পর ছেলের সঙ্গে শেষ কথা হয়। তখন আল আমিন বলেছিল, “আব্বা, আজ আমার শেষ পরীক্ষা”।’শাহাজান আলী বলেন, ‘দুপুরে খেয়ে ওঠার পর চারদিকে হইচই শুনতে পাই। সবাই বলছে সড়ক দুর্ঘটনায় কে যেন মারা গেছে। দৌড়ে স্কুলে গিয়ে শুনতে পাই আমার আল আমিন আর নেই।’ মঞ্জুরের বাবা মুকুল আলী ট্রলিচালক। মঞ্জুরও বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে সবার বড়। তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, মা মঞ্জুরা বেগম বিলাপ করছেন আর মূর্ছা যাচ্ছেন। ছেলের ময়নাতদন্তের কথা শুনে তিনি বারবার বলছেন, ‘আমার ছেলেকে আমি কাটতে দিব না। আমার কোনো দাবি নাই।’রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) মোর্শেদুল আনোয়ার খান বলেন, দুই ছাত্রের মৃতুতে ক্ষুব্ধ এলাকাবাসী একটি বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে। বাধা দিতে গেলে তারা পুলিশের ওপরে চড়াও হয়। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।