রাজশাহীতে বিএনপি-জামায়াতের ২৩ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার রাজশাহীতে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশের চেষ্টা করলে পুলিশ ২৩ জনকে আটক করেছে। জানা যায়, পুলিশের বাধায় নগরের সাহেব বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা নামতেই পারেননি । তবে সকাল আটটার দিকে নিউমার্কেট এলাকায় একটি মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। মিছিল শেষে সমাবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে পুলিশ জামায়াত ও বিএনপির ২৩ জন কর্মীকে আটক করে।বিএনপির কর্মীরা নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে। কিন্তু পুলিশের বাধায় পিকেটাররা সংগঠিত হতে পারেনি।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু নগরের মালোপাড়ায় দলীয় কার্যালয়ের নিচে বসলে পুলিশ তাঁকে সরিয়ে দেয়। সকাল থেকেই নগরের রাস্তাঘাট ফাঁকা ও দোকানপাট বন্ধ রয়েছে। রাজশাহী টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। গুরুত্বপূর্ণ মোড় ও ভবনে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশ। তবে আগের দিনের মতোই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।