রাজশাহীতে বিএনপির সঙ্গে থাকতে চায়নি জামায়াত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলার দুই পৌরসভার মধ্যে মুণ্ডুমালায় মেয়র পদে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। ফলে তানোর পৌরসভার জামায়াতের নেতা-কর্মীরাও মুণ্ডুমালা নিয়ে ব্যস্ত। তানোরে বিএনপির প্রার্থীর পক্ষে কথা বলারও সময় নেই তাঁদের। একই অবস্থা বাগমারা উপজেলায়ও। এই উপজেলার দুই পৌরসভা ভবানীগঞ্জ ও তাহেরপুরের মধ্যে দ্বিতীয়টিতে জামায়াতের মেয়র পদপ্রার্থী আছেন। তাই ভবানীগঞ্জের জামায়াতের কর্মীরাও তাহেরপুর নিয়ে ব্যস্ত।রাজশাহীর ১১টি পৌরসভার মধ্যে চারটিতে মেয়র পদে বিএনপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে জামায়াত। বাকি সাতটির মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে জামায়াত নিষ্ক্রিয়। এসব পৌরসভার বিএনপির বেশির ভাগ প্রার্থীই বলছেন, তাঁরা জামায়াতকে পাশে পাচ্ছেন না। রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘চারটা জায়গায় আমরা আলাদা নির্বাচন করছি। বাকি সব জায়গায় যে আমরা বিএনপির পক্ষে কাজ করছি, এমনটা বলা যাবে না।’ কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সব জায়গায় জোটবদ্ধ নির্বাচন হচ্ছে না। তা ছাড়া বিএনপির সঙ্গে আমাদের বসা হয়নি।’ বসা না হওয়ার কারণ জানতে চাইলে জামায়াতের আমির বলেন, ‘বিএনপিও আমাদের ডাকেনি। আর আমরা তাদের ডাকের আশাও করিনি। আসলে রাজশাহীতে আমাদের জোট করার অত ইচ্ছা ছিল না।’জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘জেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম কখনো জেলা বিএনপির সঙ্গে কথা বলতে চাননি। এ কারণে তাঁদের সঙ্গে আমাদের সমঝোতা হয়নি।’বিএনপির বিরুদ্ধে জামায়াত: কাটাখালী পৌরসভার বিএনপি-সমর্থিত সিরাজুল ইসলামের বিরুদ্ধে মেয়র পদে প্রার্থী হয়েছেন জামায়াতের মাজেদুর রহমান। সিরাজুল ইসলাম অবশ্য জামায়াতের সমর্থনের বিষয়টি পরোয়া করেন না। তিনি বলেন, ‘আদর্শিক কারণে আমি জামায়াতের সঙ্গে যাব না, এমনকি মারা গেলেও না। বিগত সময়েও আমি জামায়াতকে মানিনি।’ তিনি অভিযোগ করেন, তাঁর পৌরসভায় জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান নিজেকে চারদলীয় জোটের প্রার্থী বলে প্রচার চালাচ্ছেন।জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই নিজেদের মতো জোটের প্রার্থী।’তাহেরপুর পৌরসভায় বিএনপির প্রার্থী আবু নঈম শামসুজ্জামানের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন জামায়াতের সহিদুজ্জামান মীর। তিনি বলেন, ‘ওনারা (বিএনপি) নিজেরাই পাঁচজন ছিলেন। তাঁরা নিজেরা নিজেদেরকে মানাতে পারেননি। কাজেই আমাদের নিয়ে মন-কষাকষির সুযোগ নেই। তা ছাড়া এটা জোটগত নির্বাচন হচ্ছে না। দলগতও না। অরাজনৈতিকভাবে হচ্ছে।’বিএনপির প্রার্থী বলেন, ‘জামায়াতের বিষয়টি জেলা বিএনপির উচ্চপর্যায়ের নেতারা দেখছেন। তবে আমি মনে করি, এতে ভোট ভাগাভাগির কোনো সমস্যা হবে না।’ কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি অভ্যন্তরীণ।’ গোদাগাড়ীতে বিএনপি-সমর্থিত আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন জামায়াতের আমিনুল ইসলাম। মুণ্ডুমালায় বিএনপি-সমর্থিত প্রার্থী মোজাম্মেল হকের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন জামায়াতের জামিলুর রহমান।জামিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রাজশাহীতে কোথাও জোটবদ্ধ নির্বাচন হচ্ছে না। যেখানে যার অবস্থান ভালো, সেখানে তিনি নির্বাচন করছেন।’জেলা বিএনপির একজন নেতা এ বিষয়ে বলেন, ‘জামায়াতের সঙ্গে কথা বলে হেনস্তা হয়ে লাভ নেই। তাই আমরা তাদের সঙ্গে আলোচনা করতে যাইনি।’কাউন্সিলর প্রার্থীকে সমর্থন দিতে বিএনপির ওপর জামায়াতের চাপ: মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার শর্ত হিসেবে দুজন কাউন্সিলর পদপ্রার্থীর জন্য বিএনপির সমর্থন চেয়েছে জামায়াত। বিএনপি-সমর্থিত প্রার্থী আলাউদ্দিন বলেন, ‘জামায়াত ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আমাদের সমর্থন চেয়েছে।’মোহনপুর জামায়াতের আমির আবদুল খালেক বলেন, ‘আমরা নেতারা নির্বাচনী মাঠে নাই, তবে কর্মীরা কাজ করছেন।...এটা ঠিক, তাঁরা বিএনপির প্রার্থীর সঙ্গে যাচ্ছেন না।’ কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সাংগঠনিক কৌশল।’ এই কৌশলের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সে ব্যাখ্যা দেওয়ার সময় এখন নয়।’ দুর্গাপুর পৌরসভাতেও একই কৌশল নিয়েছে জামায়াত। এখানে মেয়র পদে প্রথমে প্রার্থী দেওয়া হয়েছিল। পরে জামায়াতের সমর্থন পেতে দুটি কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়েছেন বিএনপি-সমর্থক প্রার্থী আকবর আলী।বিএনপির প্রার্থী বলেন, ‘জামায়াতের উপস্থিতি খুব কম। তারা তাদের মতো কাজ করছে। আমরা তাদেরকে দুটি কাউন্সিলর পদ দিয়েছি। এই সমঝোতার ভিত্তিতে তারা মেয়র পদে প্রার্থী প্রত্যাহার করেছে।’পৌর জামায়াতের সেক্রেটারি নূরুজ্জামান বলেন, ‘বিএনপি ও আমাদের উঠাবসা-চলাফেরা একটু আলাদা। আমরা পর্দা রক্ষা করে চলি। সে জন্য আমরা একসঙ্গে যাচ্ছি না। তবে উঠান বৈঠক ও নীতিনির্ধারণী বৈঠকগুলো একসঙ্গেই হচ্ছে।’একটিতে জামায়াতের প্রার্থী, তাই অন্যটিতেও বিএনপি একা: তানোরে বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বনাথ সরকার প্রথম আলোকে বলেন, ‘জামায়াত আমাদের সঙ্গে নেই। জামায়াতের সঙ্গে কথা বলেছিলাম। তাদের একজন নেতা আমাকে সমর্থন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এখন পর্যন্ত তাদেরকে নির্বাচনী মাঠে দেখছি না। বিষয়টি আমি মিনু ভাইকে (রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু) জানিয়েছি। তিনি বলেছেন, বিষয়টি দেখবেন।’উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলাম বলেন, ‘এখনো আমাদের মাঠে নামার সিদ্ধান্ত হয়নি। সে কারণে আমাদেরকে চোখে পড়ছে না। মুণ্ডুমালা পৌরসভায় আমাদের মেয়র ও তানোরে কয়েকজন কাউন্সিলর প্রার্থী আছেন। তাঁদেরকে নিয়ে আমরা ব্যস্ত আছি।’একই অবস্থা বাগমারায়। তাহেরপুরে মেয়র পদপ্রার্থী সহিদুজ্জামান মীরের পক্ষে কাজ করতে ভবানীগঞ্জ জামায়াতের নেতা-কর্মীরা সেখানে ভিড় করছেন। বাগমারা উপজেলা জামায়াতের আমির সিরাজ উদ্দিন প্রামাণিক বলেন, ‘তাহেরপুরে মেয়র পদে আমাদের প্রার্থী আছেন। সেখানে আমরা আছি। আর ভবানীগঞ্জে আমরা একেবারে নাই, এটা বলা যাবে না। ভেতরে ভেতরে আমরা আছি।’সমর্থনের জন্য জামায়াতের সঙ্গে বিএনপির প্রার্থীর বৈঠক: চারঘাট পৌসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী ইউনূস আলী তালুকদার জানিয়েছেন, এত দিন পর্যন্ত জামায়াত তাঁদের পক্ষে কাজ করেনি। গত বৃহস্পতিবার বিকেলে তিনি জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা বলেছেন, শুক্রবার সন্ধ্যায় নিজেরা বৈঠক করে দলের সিদ্ধান্ত জানাবেন।চারঘাট উপজেলা আমির নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘মেয়র পদে বিএনপি থেকে দুজন প্রার্থী হওয়ার কারণে আমরা কাকে সমর্থন দেব, সিদ্ধান্ত নিতে পারিনি। কার সম্ভাবনা, যোগ্যতা বেশি—বিবেচনা করে দেখি, কাকে সমর্থন দেব।’একটিতে বিএনপির পক্ষে প্রকাশ্যে প্রচার: বাঘা উপজেলার আড়ানি পৌরসভার বিএনপি-সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘জামায়াত আমাকে সমর্থন দিয়েছে। আমি আমার মতো করছি। জামায়াত জামায়াতের মতো কাজ করছে।’উপজেলা জামায়াতের আমির জিন্নাত আলী বলেন, ‘আমরা নেতারা মাঠে নাই। তবে আমাদের কর্মীরা বিএনপির পক্ষে কাজ করছেন।’