রাজশাহীতে বিএনপির ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রায় ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজাসহ পুলিশ ২৫ জনকে গ্রেপ্তার করেছে। বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমাউল হক বলেন, সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটানোর অভিযোগে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনসহ ১২৭ জনের নাম উল্লেখসহ মোট ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ মামলায় রাতে অভিযান চালিয়ে পুলিশ ২৫ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে আজ রোববার সকাল থেকে নগরে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। নগরের সব দোকানপাট বন্ধ রয়েছে। অল্প কিছু রিকশা ছাড়া রাস্তাঘাটে তেমন কোনো যানবাহন চলাচল করছে না। সকাল সাতটার দিকে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক সাংসদ মিজানুর রহমান মিনুর নেতৃত্বে নগরের সাহেব বাজার এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের মনি চত্বর থেকে রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। বেলা সাড়ে ১১টার দিকে নগরের লক্ষ্মীপুর এলাকায় ছাত্রলীগের নেতৃত্বে একটি হরতালবিরোধী মিছিল বের করা হয়।