রাজশাহীতে বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলমগীর হোসেন (৩০) নামের একজন ভারতীয় নাগরিক মারা গেছেন। তাঁর বাবার নাম বিরাজ হোসেন। তাঁর বাড়ি মুর্শিদাবাদের রানীনগর থানার চড়বাশগাঠি গ্রামে। বিজিবির সোনাইকান্দি বিওপি সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে আলমগীর ওই সীমান্ত দিয়ে বাংলাদেশ অংশে ঢোকেন। এ সময় বিএসএফ তাঁকে বাংলাদেশি মনে করে গুলি করে। পরে পবা উপজেলায় থাকা তাঁর আত্মীয়স্বজন খবর পেয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তিনি রাত দেড়টার দিকে মারা যান। স্বজনেরা জানান, আলমগীর একজন গরু ব্যবসায়ী।