রাজশাহীতে বিডিআর বিদ্রোহের বিচার ১৩ ও ১৪ নভেম্বর
বিডিআর বিদ্রোহের ঘটনায় রাজশাহীর ৩৭ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত বিডিআর সদস্যদের বিচারের তারিখ ঘোষণা করা হয়েছে।রাজশাহী সেক্টর সদর দপ্তরে গঠিত ১৭ নম্বর বিশেষ আদালতে আগামী ১৩ ও ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে এ বিচারকাজ। রাজশাহী ৩৭ রাইফেল ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, বিডিআর কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম বিশেষ আদালতে সভাপতির দায়িত্ব পালন করবেন। আদালতের অন্য সদস্যরা হলেন, মেজর আসফাক ও লে. সালাহ উদ্দিন। বিশেষ আদালতে অ্যাটর্নি জেনারেল মো. সেলিম বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।উল্লেখ্য, গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনার জের ধরে পরের দিন ২৬ ফেব্রুয়ারি রাজশাহীতে ৩৭ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর সদস্যরা বিদ্রোহ করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ মে রাজশাহীর সিএমএম আদালতে মামলা হয়। ১৮ মে গ্রেপ্তার করা হয় ৯৩ বিডিআর জওয়ানকে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বর্তমানে তাঁরা আটক আছেন।