রাজশাহীতে বোমা হামলা, সাতজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ক্রমিক বোমা হামলা মামলায় সাত আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।আজ বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী এ আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন: সাতক্ষীরা সদরের শফিউল্লাহ ওরফে তারেক ওরফে কালাম, রাজশাহীর গোদাগাড়ীর তরিকুল ইসলাম, চারঘাটের এনামুল হক ওরফে আসাদুল্লাহ ও বাগমারার আমানুল্লাহ ওরফে আবু সাইদ ওরফে আমান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কোরবান আলী, সিরাজগঞ্জের বেলকুচির আবু ঈসা ওরফে এনামুল হক আকন্দ এবং নওগাঁর নিয়ামতপুরের জহুরুল ইসলাম ওরফে ইমরান।রায় ঘোষণার সময় শফিউল্লাহ, জহুরুল ইসলাম ও আবু ঈসা উপস্থিত ছিলেন। সাজা থেকে তাঁদের হাজতবাসের সময়টুকু বাদ যাবে। পলাতক আসামিরা যখন ধরা পড়বে, তখন থেকে তাদের রায় কার্যকর হবে। আদালত সূত্রে জানা গেছে, জেএমবির সদস্যরা ইসলামি আইন বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রচারপত্র ছড়িয়ে ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা ১১টা থেকে সোয়া ১১টার মধ্যে রাজশাহী মহানগরের ২৫টি স্থানে একযোগে বোমা বিস্ফোরণ ঘটান। প্রতিটি বিস্ফোরণস্থলে জেএমবির বাংলা ও আরবি ভাষার প্রচারপত্র পাওয়া যায়। এ ঘটনায় নগরের চারটি থানায় পৃথক মামলা দায়ের করা হয়। এর মধ্যে রাজপাড়া থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মোট ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ২০০৬ সালের ১৫ জুন তিন আসামি—জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও আবদুল আউয়ালের ফাঁসি হয়। বাকি আটজনের মধ্যে আজ সাতজনের সাজার রায় হয় ও একজন খালাস পান। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি আইনজীবী এন্তাজুল হক। আসামিপক্ষে ছিলেন আবু বাকার।