২০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর জবাই করে হত্যা
রাজশাহীতে ব্যবসায়ীর নয় টুকরো লাশ উদ্ধার
রাজশাহীতে নিখোঁজ ব্যবসায়ী আমিনুল হককে (৪৫) জবাই করে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরের একটি বাসা থেকে তাঁর নয় টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় আমিনুলের স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা ১৯ লাখ ৪৮ হাজার টাকাও উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নগরের সাহেববাজার এলাকার আরডিএ মার্কেটের ব্যবসায়ী সারোয়ার হোসেন (৪০) ও তাঁর কর্মচারী আবদুল হাকিম (২০)। আটক ব্যক্তিরা হলেন, সারোয়ারের বড় ভাই আনোয়ার হোসেন (৪৮) ও তাঁদের চাচা সোহরাব হোসেন (৫০) এবং ব্যবসায়ী আলী আহাম্মেদ (৪৮)। গ্রেপ্তার ও আটক হওয়া ব্যক্তিদের সবার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। তবে সবাই স্থায়ীভাবে রাজশাহীতে থাকেন। সারোয়ার প্লাস্টিক-সামগ্রীর ব্যবসায়ী এবং আনোয়ার ও আলী আহাম্মেদের মুদি দোকান রয়েছে।নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, সারোয়ার ও হাকিমকে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। কিন্তু আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় জামিন আবেদন নাকচ করে তাঁদের জবানবন্দি গ্রহণ করেন আদালত। জবানবন্দিতে তাঁরা ব্যবসায়ী আমিনুল হককে জবাই করে হত্যার কথা স্বীকার করেছেন। এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়।নিহত আমিনুল হক সাহেববাজার এলাকার হক ইন্টারন্যাশনাল হোটেলের মালিক। গত রোববার থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই দিন রাতেই নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর শ্যালক মাহমুদ হাসান। আমিনুলকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ইতিমধ্যে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে জানিয়ে পরদিন সোমবার মামলা করেন আমিনুলের স্ত্রী পারভীন সুলতানা।যেভাবে লাশ উদ্ধার: মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, মামলার পর পুলিশ আমিনুলের মুঠোফোনের কললিস্ট পরীক্ষা করে সারোয়ারের ফোন নম্বরটি বের করেন। কিন্তু সারোয়ারের ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর পুলিশ তাঁকে খুঁজতে শুরু করে। তারা ফোন কোম্পানির কাছ থেকে সারোয়ারের ছবি সংগ্রহ করে। কিন্তু ছবিটি বেশ আগের তোলা এবং অস্পষ্ট হওয়ায় কেউ সারোয়ারকে শনাক্ত করতে পারেনি। মঙ্গলবার দিবাগত রাতে সারোয়ারের ফোনের কললিস্ট পরীক্ষা করে পাওয়া যায় আলী আহাম্মেদের ফোন নম্বর। এরপর নগরের সাগরপাড়া এলাকার বাসা থেকে আলী আহাম্মেদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আলী আহাম্মেদ জানান, কয়েক দিন আগে সারোয়ার তাঁকে ফোন করে খোঁজখবর নিয়েছিলেন। তাঁর বাড়িও যেহেতু কিশোরগঞ্জে, সেই সুবাদে তিনি সারোয়ারের বাড়ি চেনেন। রাত সাড়ে তিনটার দিকে পুলিশ আলী আহাম্মেদকে সঙ্গে করে নগরের আলুপট্টি এলাকায় সারোয়ারের বাসায় যায়। পুলিশ বাসায় ঢুকে দেখে, সারোয়ার ও তাঁর দোকানের কর্মচারী আবদুল হাকিম টুকরো টুকরো করা লাশ পলিথিনের ব্যাগে ঢুকানোর প্রস্তুতি নিচ্ছেন। দুই হাত, দুই পা, মাথা, দুই হাতের কবজি ও এক পায়ের গোড়ালি কেটে আলাদা করা হয়েছে। তখন সারোয়ার ও আবদুল হাকিমকে গ্রেপ্তার করা হয় এবং আলী আহাম্মেদকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য।বোয়ালিয়া থানার এসআই হাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ছাড়া গত সোমবার সারোয়ারের মুঠোফোন নম্বর ধরে অনুসন্ধান করে তাঁর চাচা সোহরাবকে আটক করা হয়। কিন্তু তখন তাঁর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর মঙ্গলবার ভোরে তাঁকে আবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। গতকাল বুধবার সকালে সারোয়ারের বড় ভাই আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি নগরের হেতেম খাঁ এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন।যে কারণে হত্যাকাণ্ড: জিজ্ঞাসাবাদে সারোয়ার পুলিশকে জানান, আমিনুলের হক ইন্টারন্যাশনাল হোটেলের জায়গাটি ছিল তাঁর বাবা-চাচাদের। ২০০১ সালে জায়গাটি তাঁরা আমিনুলের কাছে বিক্রি করেন। কিন্তু প্রথমে তাঁর শরিকেরা জমি বিক্রি করতে রাজি ছিল না। তখন জমি বিক্রির ব্যবস্থা করে দিতে পারলে দাম ছাড়া আরও চার লাখ টাকা শুধু সারোয়ারকে দেওয়ার প্রতিশ্রুতি দেন আমিনুল। সে অনুযায়ী সারোয়ার শরিকদের রাজি করিয়ে জমিটি আমিনুলের কাছে বিক্রি করেন। কিন্তু জমির দাম পরিশোধ করলেও আমিনুল প্রতিশ্রুতি অনুযায়ী সারোয়ারকে চার লাখ টাকা দেওয়া নিয়ে টালবাহানা শুরু করেন।সারোয়ারের দাবি, চার লাখ টাকা সুদে-আসলে এখন ২২ লাখ টাকা হয়েছে। কিন্তু টাকা না দিয়ে আমিনুল তাঁকে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছিলেন। গত রোববার দুপুরে আমিনুল তাঁর আলুপট্টির বাসায় ২২ হাজার টাকা দিতে যান। তখন তাঁরা আমিনুলকে বেঁধে বাকি টাকা পাঠানোর জন্য তাঁর বাসায় ফোন করতে বলেন। বাধ্য হয়ে আমিনুল স্ত্রীকে ফোন করে ২০ লাখ টাকা সারোয়ারের কর্মচারী হাকিমকে দিতে বলেন। কথা মতো আমিনুলের স্ত্রী পারভীন সুলতানা তাঁদের হোটেল থেকে ২০ লাখ টাকা নিয়ে একটি রিকশায় করে নগরের কল্পনার মোড়ে আসেন। সেখানে তিনি হাকিমের হাতে টাকাগুলো তুলে দেন।সারোয়ার ও হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, টাকা পাওয়ার পর আমিনুলকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে রোববার রাত তিনটার দিকে জবাই করে হত্যা করেন। এরপর তাঁরা লাশ গুম করার উপায় খুঁজতে থাকেন। ওই দিন রাতে লাশ রান্নাঘরে একটি প্লাস্টিকের ড্রামে রাখা হয়। পরে সিদ্ধান্ত হয়, লাশ টুকরো টুকরো করে কেটে পদ্মা নদীতে ফেলে দেওয়া হবে।এর মধ্যে সারোয়ার ২০ লাখ টাকা থেকে কিছু টাকা স্ত্রীকে দিয়ে তাঁকে ঢাকায় পাঠিয়ে দেন। আরও কিছু টাকা ধারদেনা পরিশোধ করেন। তাঁদের পরিকল্পনা ছিল, লাশ নদীতে ফেলে তাঁরাও রাজশাহী থেকে চলে যাবেন।সারোয়ারের ভাই আনোয়ার পুলিশকে জানান, তিনি কিশোরগঞ্জ থেকে রাজশাহী এসে সিটি কলেজে পড়াশোনা করতেন। তখন থেকেই তাঁরা এখানে ব্যবসা শুরু করেন।আমিনুলের পরিবার: পারিবারিক সূত্রে জানা গেছে, আমিনুলের আদি নিবাস চাঁপাইনবাবগঞ্জের চর অনুপনগর গ্রামে। বড় ভাইয়ের চাকরির সুবাদে তিনি রাজশাহীতে ভাইয়ের বাসায় থেকে পড়াশোনা করেছেন। ১৯৮৪ সাল থেকে তিনি রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নগরের নওদাপাড়া এলাকায় তাঁর পাঁচতলা একটি বাড়ি রয়েছে। এ বাড়ির তৃতীয় তলায় তিনি সপরিবারে বসবাস করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে। ছেলে আহসানুল হক ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবং মেয়ে আফসানা খাতুন রাজশাহী মহিলা কলেজে পড়াশোনা করেন।গতকাল সকালে নওদাপাড়া এলাকায় আমিনুলের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন কান্নাকাটি করছেন। পরে দুপুরে সাহেববাজার এলাকায় হোটেলের সামনের রাস্তায় জানাজা শেষে নগরের হেতেম খাঁ কবরস্থানে লাশ দাফন করা হয়।আমিনুলের ছেলে আহসানুল হক প্রথম আলোকে বলেন, ‘সারোয়ার আমার বাবার কাছে কোনো টাকা পেতেন না। বরং তাঁদের কাছ থেকে জমি কেনার জন্য আমার বাবা বিভিন্ন সময় তাঁদের সাহায্য-সহযোগিতা করতেন। মুক্তিপণের লোভে তাঁরা আমার বাবাকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’