রাজশাহীতে মিছিলে বাধা, সিরাজগঞ্জে ঢিলেঢালা হরতাল (ভিডিও)
কেন্দ্রীয় নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আজ রোববার রাজশাহী ও রংপুর বিভাগে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। রাজশাহীতে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। অন্যদিকে সিরাজগঞ্জে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে।রাজশাহী: আজ সকালে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে বের করা মিছিলে পুলিশ বাধা দিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাতটার দিকে রাজশাহী শহরের হোসনিগঞ্জ মোড় থেকে দলের বিশেষ সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা এবং কাদিরগঞ্জ মোড় থেকে দলের যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা হরতালের সমর্থনে আলাদা দুটি মিছিল বের করেন। মিছিল দুটি সাহেব বাজারের দিকে যাওয়ার সময় নগরের সোনাদিঘির মোড় ও সোনাদিঘি মসজিদের সামনে মহানগরের নেতা-কর্মীদের পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা রাস্তায় বসে পড়লে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ ফাঁকা গুলি করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা প্রথম আলো ডটকমকে বলেন, কোনো উসকানি ছাড়াই পুলিশ তাঁদের মিছিলে বাধা ও গুলি করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, মিজানুর রহমান ও নাদিম মোস্তফার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তাঁদের নেতৃত্বে দুটি পৃথক মিছিল একই এলাকার দিকে যাচ্ছিল। দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কায় মিছিল দুটি আটকে দেওয়া হয়।ওসি আলমগীর হোসেন আরও বলেন, নগরীর বিভিন্ন রাস্তায় হরতাল-সমর্থকেরা আগুন জ্বালিয়ে পিকেটিং ও নাশকতা চালানোর চেষ্টা করলে র্যাব ও পুলিশ ধাওয়া ও ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।সিরাজগঞ্জ: আজ রোববারের হরতালে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে শহরে কিছু রিকশা-ভ্যান চলাচল করছে। ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে কিছু ট্রাক চলাচল করলেও বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক।সকাল সাড়ে সাতটার দিকে শহরে হরতালের সমর্থনে মিছিল করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপির বের করা হরতালের সমর্থনে মিছিলে হামলার প্রতিবাদে জেলা বিএনপি আগামীকাল সোমবার সিরাজগঞ্জে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে।বেলকুচি উপজেলার বয়রা এলাকা থেকে হরতালে নাশকতার আশঙ্কায় জামায়াতের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁর নাম সিরাজ মিয়া (২৫)। তিনি উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা।সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, জেলার সার্বিক হরতাল-পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।