রাজশাহীতে মিনুর মিছিলে পুলিশের বাধা
রাজশাহীতে আজ মঙ্গলবার সকালে হরতালের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বের হওয়া মিছিলে পুলিশ বাধা দিয়েছে। দু-একটি এলাকায় হরতালকারীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। পুলিশ তিনজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাতটার দিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে হরতালের সমর্থনে নগরের ভুবনমোহন পার্ক থেকে একটি মিছিল বের হয়। পুলিশ রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর মিনুসহ নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নেন। সকাল সাড়ে আটটার দিকে মহিলা কলেজের সামনে হরতালের সমর্থনে পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পিকেটাররা পুলিশের প্রতি ইটপাটকেল ছুড়লে পুলিশ রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে পুলিশ দুজনকে আটক করে। সকাল ১০টার দিকে জামায়াত-শিবির নগরের ডিঙ্গাডোবা এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করতে থাকে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।সংখ্যায় কম হলেও সকাল থেকে নগরে অল্পসংখ্যক যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। অধিকাংশ দোকানপাট বন্ধ। নগরে পুলিশ, র্যাব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।