রাজশাহীতে মিনুর মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ১৫
বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় দিনে আজ সোমবার সকালে রাজশাহী নগরের রাজারহাতা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন। ঘটনাস্থল থেকে ১৩ জন এবং গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত পুলিশ মোট ২২ জনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল ছয়টার দিকে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা নগরের রাজারহাতা এলাকার লোকনাথ স্কুলের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি কিছু দূর এগিয়ে সিটি কলেজের সামনে আসতেই পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে এগোতে থাকলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুইটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। একপর্যায়ে মিজানুর রহমান মিনুর নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী রাস্তার ওপর শুয়ে পড়েন। ঘটনাস্থল থেকে পুলিশ ১৩ জনকে আটক করে। আটক আরও নয়জন: জেলা বিএনপির উদ্যোগে আজ সকাল নয়টার দিকে নগরের পাঠানপাড়া এলাকা থেকে একটি মিছিল ফায়ার ব্রিগেড মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। পুলিশ সেখান থেকে দুজনকে আটক করে। এদিকে পুলিশ গতকাল রাতে নগরের বিভিন্ন এলাকা থেকে আরও সাতজনকে আটক করে।