রাজশাহীতে মেয়র নাট্যোৎসব শুরু
রাজশাহী সিটি করপোরেশন এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ উদ্যোগে গতকাল থেকে রাজশাহীতে আট দিনব্যাপী দ্বিতীয় মেয়র নাট্যোৎসব শুরু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা পৌনে সাতটা থেকে অনুষ্ঠান শুরু হবে। এবার উৎসবে প্রবেশ সবার জন্য উন্মুক্ত।উদ্বোধনী দিনে বিকেলে নগরের সাহেব বাজার থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। অতিথি ছিলেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, নাট্যজন মলয় ভৌমিক, তৌফিক হাসান, আসাদ উদ্দিন ও রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন সরিফুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাবিবুর রহমান রচিত ও রাজশাহী থিয়েটার প্রযোজিত নাটক বঞ্চিত বঞ্চক মঞ্চস্থ হয়। অভিনয় করেন কামার উল্লাহ সরকার, সাদিয়া, তৃষা, শাহিন আক্তার, এফ এম এ জাহিদ প্রমুখ। আজ শনিবার মঞ্চস্থ হবে সিরাজগঞ্জের তরুণ সম্প্রদায়ের বাউথনামা।