রাজশাহীতে মেয়রের পদত্যাগ দাবি করলেন বস্তিবাসীরা
রাজশাহী নগরে ডিঙ্গাডোবা এলাকা থেকে উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা আজ বৃহস্পতিবার সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগের দাবিতে মানবন্ধন করেছে। সিটি করপোরেশনের একজন নারী কাউন্সিলর এতে নেতৃত্ব দেন।উচ্ছেদ হওয়া লোকজন ডিঙ্গাডোবা এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মানববন্ধনের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন তাঁরা সড়কদ্বীপের ওপর দাঁড়িয়ে কর্মসূচি পালন করেন। তাঁরা ক্ষতিপূরণ ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি দাবি করেন। সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসন-২-এর কাউন্সিলর ফারজানা হক বস্তিবাসীর সঙ্গে ওই মানববন্ধনে নেতৃত্ব দেন।উল্লেখ্য, রাজশাহী সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট সাদিকুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিলেন। মেয়রের পদত্যাগ দাবির ব্যাপারে তিনি বলেন, পুনর্বাসনের জন্য তাঁরা মেয়রের কাছে আবেদন করতেই পারেন। তবে পদত্যাগের দাবিটা অযৌক্তিক।প্রসঙ্গত, অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় গত মঙ্গলবার ডিঙ্গাডোবা এলাকায় পুলিশের সঙ্গে বস্তিবাসীর সংঘর্ষ হয়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বস্তির সাত শতাধিক ব্যক্তিকে আসামি করে নগরের রাজপাড়া থানায় দুটি মামলা হয়। পুলিশ রাতেই এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে। পরের দিন তাদের জেলহাজতে পাঠানো হয়।