রাজশাহীতে যাত্রীবাহী বাস পোড়াল এলাকাবাসী
শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের জেরে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় যাত্রীবাহী একটি বাস পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। আজ রোববার বিকেল পাঁচটার দিকে এলাকাবাসী বাসটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।অতিরিক্ত হর্ন বাজানোকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার এলাকাবাসীর সঙ্গে বাস-শ্রমিকদের সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেল পাঁচটার দিকে পদ্মা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নগরের নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ছেড়ে ভদ্রা আবাসিক এলাকার ভেতর দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন বাসটি থামিয়ে আগুন ধরিয়ে দেয়।রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আলিম উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার শ্রমিকদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় চেইন মাস্টার আসাদুজ্জামান বাদী হয়ে বোয়ালিয়া থানায় সাতজনের নামে একটি মামলা করেছেন। এ মামলায় পুলিশ সেদিনই একজনকে গ্রেপ্তার করে। এ ঘটনার জের ধরেই মামলার আসামিদের নেতৃত্বে এলাকার লোকজন আজ বাসে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে কিছুক্ষণের জন্য শ্রমিকেরা নগরের শিরোইল এলাকায় সড়ক অবরোধ করেন। পরে শ্রমিক নেতাদের সিদ্ধান্তে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।গত বৃহস্পতিবার অতিরিক্ত হর্ন বাজানোকে কেন্দ্র করে রাজশাহী মহানগরের ভদ্রা মোড়ে বাস-শ্রমিকদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন।