রাজশাহীতে যুবদল সভাপতির বাসায় ডাকাতি, নিহত ১
রাজশাহীর খিসিনটিকর এলাকায় ডাকাতদের হামলায় একজন নিহত হয়েছে। নিহত দিনমজুরের নাম আবদুল মতিন। ডাকাতেরা রাজশাহী মহানগর মহাবিদ্যালয়ের শিক্ষক ও পবা উপজেলা যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় আট ভরি স্বর্ণালঙ্কার ও দুইটা মোবাইল ফোনসেট নিয়ে যায়। জনতা ডাকাতদের ঘেরাও করলে তারা তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। আবু বকর সিদ্দিক বলেন, তিনি বাসায় ঘুমিয়েছিলেন। রাত দেড়টার দিকে র্যাব পরিচয় দিয়ে তথ্য জানতে দুজন তাঁর বাসায় আসে। তাদের মুখ মাফলার দিয়ে বাঁধা থাকায় তাঁর সন্দেহ হয়। তিনি কৌশলে ঘরের দরজা বন্ধ করে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু বাইরে থাকা আরও তিনজন টের পেয়ে তাঁকে মারধর শুরু করে। এ সময় চিত্কার শুনে এলাকাবাসী বাড়িটি ঘিরে ফেলে। জনতার প্রতিরোধের মুখে পর পর তিনটি বোমা ফাটিয়ে ডাকাতেরা পূর্বদিকের রাস্তা দিয়ে চলে যায়। এ সময় প্রতিবেশী দিনমজুর আবদুল মতিন লাঠি হাতে রাস্তার ওপরে দাঁড়িয়ে ছিলেন। ডাকাতেরা তাঁর মাথায় ও ঊরুতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। সিদ্দিক জানান, রাজনৈতিক শত্রুতা, না ডাকাতির কারণে এ ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি বোয়ালিয়া থানায় ডাকাতি মামলা করেছেন।