রাজশাহীতে যুবদলের বর্ধিত সভায় সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা যুবদলের বর্ধিত সভায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল হক রায়হানসহ ১০ জন আহত হয়েছেন। আজ রোববার বিকেলে রাজশাহী নগরের একটি কমিউিনিটি সেন্টারে জেলা যুবদলের বর্ধিত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল চারটার দিকে রাজশাহী নগরের সাফাওয়াং কমিউিনিটি সেন্টারে জেলা যুবদলের বর্ধিত সভা শুরু হয়। এর কিছুক্ষণ পরে ওই সভার প্রতিবাদে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল হক রায়হান ৫০-৬০ জনের একটি মিছিল নিয়ে সভায় প্রবেশ করেন।এ সময় জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থকেরা তাঁদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উজ্জ্বলের সমর্থকেরা রায়হানসহ মিছিলকারীদের কিলঘুষি মারতে থাকেন। একপর্যায়ে রায়হানকে রেখে মিছিলকারীরা পালিয়ে যান। এ সময় উজ্জ্বলের সমর্থকেরা রায়হানকে মারতে মারতে সভাস্থলের দিকে নিয়ে যান। পরে যুবদল ও জেলা বিএনপির নেতা-কর্মীরা রায়হানকে ছাড়িয়ে নিয়ে সভাস্থল থেকে বের করে দেন। জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সহসভাপতি আবদুল গফুর, সাবেক সাংসদ আবদুস সাত্তার মণ্ডল, রাজশাহী জেলা বিএনপির সাংগঠিনক সম্পাদক মতিউর রহমান মন্টু, বিএনপির নেতা শাহীন শওকত প্রমুখ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির। এদিকে ওই ঘটনার পর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে রিজভী বলেন, আদালতের রায় দিয়ে স্বাধীনতা হয়নি। তাই আদালতের রায়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক ছিলেন না, এটা ঠিক নয়। এ রায় শুধু ইতিহাসের গতিকেই পরিবর্তন করবে। প্রকৃত সত্যকে কখনো চেপে রাখা যাবে না। শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এটা চিরন্তন সত্য।