রাজশাহীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আজ বুধবার ওয়ার্ড যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর নাম সারোয়ার হোসেন ওরফে ডাবলু। তাঁর বাবার নাম আবদুর রাজ্জাক। বাড়ি নগরের চণ্ডিপুর এলাকায়।সারোয়ার হোসেন রাজশাহী মহানগর যুবলীগের সাত নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। ঘটনার পরপরই পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে চারটার দিকে চণ্ডিপুর এলাকার কদমতলার মোড়ে সারোয়ারের বড় ভাই জাফর ইকবাল ওরফে বাবুর সঙ্গে স্থানীয় যুবক মাহফুজুর রহমানের বাগবিতণ্ডা চলছিল। স্থানীয়রা জানান, মাহফুজুর রহমানের একটি দল আছে। স্থানীয়ভাবে তারা ‘মায়া গ্রুপ’ নামে পরিচিত। বড় ভাইয়ের সঙ্গে মাহফুজুর রহমানের ঝগড়ার খবর শুনে সারোয়ার বাড়ি থেকে ছুটে যান। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মাহফুজ সারোয়ারকে লক্ষ্য করে পাঁচ-ছয়টি গুলি করেন। এতে সারোয়ারের পেট ও হাঁটুতে গুলি লাগে। স্থানীয় লোকজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দ্রুত অস্ত্রোপচারের কক্ষে নিয়ে গেলে সেখানেই সারোয়ারের মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাই জাফর ইকবাল জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, মায়া গ্রুপের ছেলেরা এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালান। সারোয়ার একজন ঠিকাদার। তাঁর সঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি নিয়ে মায়া গ্রুপের দ্বন্দ্ব চলছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজপাড়া থানার পুলিশ তোফাজ্জল হোসেনকে (৪৫) আটক করেছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, দুই পক্ষই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঠিকাদারি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পিস্তল দিয়ে সারোয়ারকে গুলি করা হয়েছে।তবে সারোয়ারের মামাতো ভাই আলম জানিয়েছেন, যারা তাঁর ভাইকে গুলি করেছে, তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তারা সন্ত্রাসী। তারা চণ্ডিপুর এলাকায় যা খুশি তা-ই করে।