রাজশাহীতে রেললাইন ও আ.লীগ কার্যালয়ে আগুন
রাজশাহীতে হরতাল-সমর্থকেরা আজ মঙ্গলবার সকালে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন দিয়েছেন। এর কিছুক্ষণ পর তাঁরা নগরের রেললাইনের ওপর টায়ারে আগুন ধরান।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে হরতাল-সমর্থকেরা নগরের বন্ধ গেট এলাকায় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।সকাল সোয়া ছয়টার দিকে সিটি বাইপাস মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেললাইনের ওপর টায়ারে আগুন ধরান হরতালের সমর্থকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টায়ারগুলো সরিয়ে দেয়। এতে রেললাইনের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান। এ ছাড়া সকাল থেকে বিএনপির ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। শহরে রিকশা, অটোরিকশা, সিএনজিচালিত যানবাহন চলাচল করছে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।এদিকে গতকাল সোমবার রাতে নগরের বিনোদপুরে ওষুধ বহনকারী একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, গতকাল রাত ১১টার দিকে শিবিরের কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এ সময় তাঁরা অপসোনিন কোম্পানির ওষুধ বহনকারী একটি পিকআপ ভ্যানে আগুন দেন। পরে তাঁরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।