রাজশাহীতে শিক্ষার্থী কমেছে, বেড়েছে জিপিএ-৫
রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গতবারের চেয়ে শিক্ষার্থী ও অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা কমলেও পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। এই বোর্ডে এবার পাসের হার ৮৫ দশমিক ০৯ শতাংশ; গতবার এই হার ছিল ৭৯ দশমিক ৮৮। এবার জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ২২১ জন শিক্ষার্থী; গতবার পেয়েছিল চার হাজার ২১২ জন। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবার দুই হাজার ৮৮৮টি বিদ্যালয়ের এক লাখ ৮৫ হাজার ৫২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করে এক লাখ ৫৭ হাজার ৮৬৫ জন। গতবারের চেয়ে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে দুটি এবং শিক্ষার্থী কমেছে দুই হাজার ২১৭ জন। তবে জিপিএ-৫ পাওয়া বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে; এবার পেয়েছে ৯৩০টি থেকে। এবার এই বোর্ডে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। এবার শতভাগ পাসের বিদ্যালয় ৩৩৫টি। গত বছর এই সংখ্যা ছিল মাত্র ৯৬। কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। গতবার এ রকম বিদ্যালয়ের সংখ্যা ছিল ৩৮; এবার সংখ্যাটি ১৩।রাজশাহী বোর্ডের পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছাত্ররা একটু এগিয়ে। এবার ছাত্রদের পাসের হার ৮৫ দশমিক ৩২ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৭৪ জন। ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৮৭ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৯৪৭ জন। রাজশাহী সরকারি ল্যাবরেটরি হাইস্কুল থেকে এবার জিপিএ-৫ পেয়েছে রাফিদ উদ্দিন। সে জানায়, শিক্ষক ও অভিভাবক সবার সম্মিলিত চেষ্টার কল্যাণেই তার ফল ভালো হয়েছে। রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয় (হেলেনাবাদ) থেকে জিপিএ-৫ পেয়েছে শবনম সুলতানা। সে জানায়, তাদের বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা খুব বেশি মেনে চলা হয়। শিক্ষকেরা ভালো গাইড করেন। নিজের সঙ্গে বাবা মায়েরও চেষ্টা ছিল। এ জন্যই ভালো ফল হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, এই পরীক্ষায় অকৃতকার্য হলে আর নবম শ্রেণীতে ওঠা যায় না। আর পড়াশোনা ছাড়া সামনে এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই—এই চিন্তাও সবার মাথায় ঢুকেছে। এই কারণে শিক্ষার্থীরা আগের চেয়ে এখন বেশি সতর্ক। এ ব্যাপারে অভিভাবকদের যত্নটাও বেশ কাজে দিয়েছে। আগের চেয়ে শিক্ষকেরাও বেশি যত্নবান এবং ক্লাসমুখী হয়েছেন।