রাজশাহীতে শিবির ও পুলিশের সংঘর্ষ, আটক ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আজ শনিবার ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় শিবিরের মিছিল থেকে ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সংঘর্ষে ১৫ জন আহত হন। পুলিশ ১৭ জনকে আটক করেছে। এদিকে শিবিরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পাটি নগরে বিক্ষোভ সমাবেশ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে নগরের বিভিন্ন মোড়ে শিবিরকর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নগরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। রানীবাজার এলাকা থেকে শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে সাত কর্মীকে আটক করে। এ সময় শিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলিতে ঢুকে পড়েন। এরপর শিবির রাজশাহী কলেজের সামনে জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশের বাধার মুখে তারা সেখানেও টিকতে পারেনি। একপর্যায়ে তারা নগরের লক্ষ্মীপুরের ঝাউতলা মোড়ে গিয়ে সমাবেশ করার চেষ্টা করে। সেখানে পুলিশ গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। পুলিশ তাদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ শটগান থেকে গুলি ছোড়ে। পুলিশের ধাওয়ার মুখে শিবিরকর্মীরা পিছু হটতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে নগরের বহরামপুর বাইপাস এলাকায় গিয়ে শিবিরকর্মীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান। শিবিরকর্মীরা কমপক্ষে চারটি গুলি ছুড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পুলিশ লক্ষ্মীপুরের ঝাউতলা মোড় থেকে ১০ জন শিবিরকর্মীকে আটক করে। সংঘর্ষের সময় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য নগরে রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা থেকে লোকজন সরে যেতে থাকে। অন্যদিকে জামাত-শিবিরের নৈরাজ্য ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নগরে বিক্ষোভ সমাবেশ করে। আওয়ামী লীগ নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় এবং ওয়ার্কার্স পার্টি গণকপাড়া এলাকায় সমাবেশ করে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনিরুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে শিবিরকর্মীদের গুলি ছোড়ার বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।