রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ২
রাজশাহীতে আজ বৃহস্পতিবার শিবির-পুলিশ সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজন বিমান বাহিনীর করপোরাল। তাঁর নাম সোহেল রানা (২৬)। গুলিবিদ্ধ অপর ব্যক্তি সোহেল রানার বন্ধু। তাঁর নাম বিপ্লব (২৬)। সংঘর্ষের পর ওই পথ দিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালায় বলে আহত সোহেল রানা অভিযোগ করেছেন। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুরে নগরের সোনাদিঘির মোড় এলাকায় শিবির ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। প্রায় ২০ মিনিট ধরে সংঘর্ষ চলাকালে নগরের সোনাদিঘির মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১৯ জনকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সোনাদিঘি মসজিদে জোহরের নামাজ শেষে শিবিরের নেতা-কর্মীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। বেলা দুইটার দিকে তাঁরা ওই এলাকায় স্লোগান দিয়ে রাস্তায় ইট ভাঙতে শুরু করেন এবং আগুন জ্বালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ একটি পিকআপ ভ্যান নিয়ে দাঁড়িয়েছিল। শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ তাঁদের দিকে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ তাদের অবস্থান ছেড়ে নগরের মালোপাড়া পুলিশ ফাঁড়ির দিকে সরে যায়। শিবিরকর্মীরা পুলিশকে ধাওয়া দিয়ে বাটার মোড় এলাকার দিকে নিয়ে যায়। প্রায় ২০ মিনিট ধরে এ সংঘর্ষ চলে। এরপর অতিরিক্ত পুলিশ গিয়ে ধাওয়া করলে শিবিরকর্মীরা নগরের হেতেমখাঁ এলাকার দিকে চলে যায়। পুলিশ বিভিন্ন গলিপথে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে নগরের বোয়ালিয়া থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তবে পুলিশ বলেছে, তাঁদের কেউ আহত হয়নি। সংঘর্ষ চলাকালে দুজন পথচারী গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিত্সাধীন গুলিবিদ্ধ সোহেল রানা প্রথম আলো ডটকমকে বলেন, তিনি বর্তমানে যশোরে কর্মরত। তাঁর বাড়ি নগরের রাজপাড়া এলাকায়। গতকাল বুধবার ছুটিতে বাড়ি যান। ঘটনার কিছুক্ষণ আগে তিনি তাঁর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজশাহী শাখায় কাজে গিয়েছিলেন। মিছিলের পরপরই তাঁরা হেতেমখাঁ এলাকা হয়ে বাসায় ফিরছিলেন। তখন সেখানে মিছিলের কোনো লোক ছিল না। পুলিশ তাঁদের খুব কাছ থেকে গুলি করে। এতে তাঁর হাঁটুর নিচে গুলি লাগে। তাঁর বন্ধু বিপ্লবেরও পায়ে গুলি লাগে। তিনি তাঁর পরিচয়পত্র দেখাতে চাইলে পুলিশ তা দেখতে চায়নি। তাঁদের ধরে থানায় নিয়ে যায়। থানায় গিয়ে পরিচয়পত্র দেখালে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। তিনি কোনোরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে থানার বাইরে গিয়ে একটা রিকশা নিয়ে হাসপাতালে যান। বিপ্লবের কী হয়েছে তিনি বলতে পারেননি। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আজিজুল ইসলাম বলেন, সোহেলের হাঁটুর নিচে প্রায় দুই বর্গইঞ্চি জায়গাজুড়ে ক্ষত হয়েছে। তিনি বলেন, ভেতরে গুলি আছে কি না, অস্ত্রোপচারের পরে বলা যাবে। তবে আহত ব্যক্তি বলছেন তাঁর ক্ষত স্থানে গুলি আছে। এ ব্যাপারে বোয়ালিয়া থানায় যোগাযোগ করা হলে থানায় কর্তব্যরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক রোকন বলেন, ‘তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আটক লোকদের মধ্যে বিপ্লব নামের কেউ আর নেই।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি ওসি স্যার জানেন। তাঁর সঙ্গে কথা বলেন।’ কথা বলার জন্য বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।গতকাল বুধবারও শিবিরকর্মীরা নগরের আলকার মোড় এলাকায় চোরাগোপ্তা মিছিল বের করে পুলিশকে ধাওয়া দেয়। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান বলেন, পুলিশ প্রস্তুত থাকার কারণে তাঁরা নাশকতামূলক কোনো ঘটনা ঘটাতে পারেনি। চারিদিক থেকে পুলিশ আক্রমণ করলে ওরা পালিয়ে যায়। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ শর্টগান থেকে গুলি করেছে। ঘটনাস্থল থেকে ১৯ শিবিরকর্মীকে আটক করা হয়েছে।