রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষে তিন সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের আরডিএ মার্কেটের সামনে আজ মঙ্গলবার সন্ধ্যায় শিবির-পুলিশ সংঘর্ষে তিন সাংবাদিক ও এক পুলিশ আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলেন এটিএন নিউজের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান ওরফে রুবেল, দৈনিক যায়যায়দিনের ফটোসাংবাদিক গুলবাহার ওরফে জুয়েল ও দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক আবদুল্লাহ ইকবাল। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। এ ছাড়াও গুলি ছুড়তে গিয়ে অসাবধানতাবশত আহত হয়েছেন বোয়ালিয়া থানার কনস্টেবল রায়হান আলী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরডিএ মার্কেটের সামনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। শিবিরের কর্মীরা এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। পুলিশ পাল্টা শর্টগান থেকে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা আহত হন। নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ শর্টগান থেকে গুলি করেছে। ঘটনাস্থল থেকে শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের গুলিতে সাংবাদিকেরা আহত হয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, তাঁরা এটা বলতে পারছেন না।