রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরীতে আজ সোমবার সন্ধ্যার পরে ছাত্রশিবির ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। একই সময় পবা উপজেলার কাটাখালিতেও শিবির একই ভাবে ঝটিকা মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যার পর ছাত্রশিবিরের নেতা-কর্মীরা নগরীর সাহেববাজার ও সোনাদিঘী মোড় এলাকায় জড়ো হতে থাকেন। সোনাদিঘী মোড় থেকে একটি মিছিল নিয়ে তাঁরা রাজশাহী সিটি কলেজের দিকে গেলে পুলিশ তাঁদের ধাওয়া করে। এ সময় শিবিরকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এখান থেকে বোয়ালিয়া থানার পুলিশ চারজনকে আটক করেছে। এছাড়াও কাটাখালির ঘটনায় মতিহার থানার পুলিশ সাতজনকে আটক করে। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এস এম মনিরুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তবে ওখানে কতটি রাবার বুলেট ছোড়া হয়েছে, সে সম্পর্কিত রিপোর্ট এখনো হাতে এসে পৌঁছায়নি।’