রাজশাহীতে শিবিরের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ (ভিডিও)
রাজশাহীর পবা উপজেলার কাটাখালিতে রাজশাহী-ঢাকা মহাসড়কে আজ বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে শিবিরের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তিন পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা কাটাখালি পৌরসভার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাঁরা ফাঁকা রাস্তার ওপর ইটপাটকেল ছোড়েন ও ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধাওয়া করলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছোড়েন। পুলিশ পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। দুই পক্ষে প্রায় আধা ঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যান। সংঘর্ষ চলাকালে নগরের মতিহার থানার ওসি আবদুস সোবহানের পায়ে ককটেলের স্প্লিন্টার লাগে। এ সময় পুলিশের আরও তিনজন সদস্য আহত হন। কাবিল হোসেন নামের স্থানীয় এক ফটোসাংবাদিকও ককটেলের স্প্লিন্টারে আহত হন। জামায়াত-শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশের গুলিতে তাদের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।