রাজশাহীতে সহিংসতা ঠেকাতে বিষয়ভিত্তিক নানা কর্মসূচি
জামায়াত-শিবিরের সহিংসতার বিরুদ্ধে জনমত গঠন করে এলাকাভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীতে বিষয়ভিত্তিক নানা কর্মসূচি শুরু হয়েছে। রাজশাহী সদর আসনের সাংসদ ও ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা এবং সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের নেতা এ এইচ এম খায়রুজ্জামান এ উদ্যোগ নিয়েছেন। জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসন কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে। এরই মধ্যে মসজিদভিত্তিক জামায়াত-শিবিরের তৎপরতা বন্ধ করতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নগর ও আশপাশের ইমামদের নিয়ে গত বৃহস্পতিবার মতবিনিময় সভা করা হয়েছে। এতে প্রায় ৪০০ ইমাম উপস্থিত ছিলেন। সভায় জামায়াত-শিবির যেন মসজিদ ব্যবহার করে তাণ্ডব না চালাতে পারে, সেদিকে নজর দেওয়ার জন্য ইমামদের প্রতি পরামর্শ দেওয়া হয়। এর আগের দিন বুধবার গোলযোগপূর্ণ গোদাগাড়ী উপজেলা প্রশাসনও স্থানীয় ইমামদের নিয়ে বৈঠক করে।রাজশাহী জেলা ইমাম সমিতির সভাপতি বারকুল্লাহ বিন দুরুল হুদা প্রথম আলোকে বলেন, মতবিনিময় সভা ফলপ্রসূ হয়েছে। ইসলামের সঙ্গে যে নৈরাজ্যের কোনো সম্পর্ক নেই, জুমার নামাজের খুতবায় এটা মুসল্লিদের বোঝাতে সক্ষম হয়েছেন তাঁরা। এ জন্যই গতকাল শুক্রবার রাজশাহীর কোনো মসজিদ থেকে মিছিল বের হয়নি।আজ শনিবার কৃষক সমিতির ব্যানারে রাজশাহীতে কৃষক সমাবেশ হবে। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পল্লী বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দেওয়ার কারণে সেচকাজ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপট সামনে রেখে আজ থেকে টানা এক সপ্তাহ কৃষকদের নিয়ে বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ করার কর্মসূচি রয়েছে। এ ছাড়া কানসাট আন্দোলনের নেতা গোলাম রব্বানীকে সম্পৃক্ত করে চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমাবেশ করারও পরিকল্পনা রয়েছে বলে উদ্যোক্তারা জানান।রাজশাহী স্টেশনে সিল্কসিটি ট্রেনে আগুনের ঘটনা সামনে রেখে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকানোর লক্ষ্যে গত রাতে রাজশাহী শিল্প ও বণিক সমিতি ভবনে ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেছেন সাংসদ ফজলে হোসেন বাদশা ও মেয়র খায়রুজ্জামান। ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, মানুষ অনুধাবন করছে, পরিস্থিতির অবনতি ঘটলে তা কারও জন্যই মঙ্গলজনক হবে না। সে জন্য বিষয়ভিত্তিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রাতারাতি পরিস্থিতির উন্নতি হবে না। তবে কর্মসূচি চালিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না। এর আগে বৃহস্পতিবার রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা হয়। সভায় নাশকতা বন্ধে রেললাইন ও স্টেশনের আশপাশের এলাকায় শক্ত পাহারার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন উপজেলায় সড়কের পাশের করাতকল থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। করাতকলের মালিকদের দিয়ে এ কাজটি করিয়ে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জামায়াত-শিবিরের কর্মীরা এর আগে গাছের গুঁড়ি ফেলে গোদাগাড়ী উপজেলার মূল সড়ক অবরোধ করে রেখেছিলেন। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।প্রতিরোধ কমিটি গঠন-প্রক্রিয়া শুরু: প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জামায়াত-শিবিরের তাণ্ডব মোকাবিলায় সর্বত্র প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনাসংবলিত চিঠি ইতিমধ্যে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে এসেছে। রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবারই প্রতিরোধ কমিটি গঠনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ডারদের সাহায্য নিয়ে কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে মসজিদের ইমাম, নাগরিক সমাজের প্রতিনিধি, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা হবে।