রাজশাহীতে সাংস্কৃতিক উৎসব
রাজশাহীতে গতকাল শনিবার শুরু হয়েছে ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেলাল মোহাম্মদ উৎসবের উদ্বোধন করেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ও রাজশাহী সিটি করপোরেশন এ উৎসবের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাংসদ ফজলে হোসেন বাদশা, সাংসদ জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।সকালে নগরের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিকেলে আলোচনা সভায় ‘আবহমান বাংলা ও চিরায়ত বঙ্গবন্ধু’ বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন কথাশিল্পী রফিকুর রশিদ। আলোচনা শেষে রাজশাহী আবৃত্তি পরিষদের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।