রাজশাহীতে সাঈদীর ছেলের তাফসির অনুষ্ঠানে ১৪৪ ধারা
রাজশাহীর চারঘাটে আয়োজিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে রাফিক বিন সাঈদীর ‘তফসিরুল কোরআন মাহফিল’ অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অনুষ্ঠানস্থলের আশপাশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ পাঁচজন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত ৫০০ পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, লুত্ফর রহমান নামের স্থানীয় একজন সমাজসেবকের বরাত দিয়ে এ অনুষ্ঠান আহ্বান করা হয়। আজ বেলা দুইটা থেকে উপজেলার সলুয়া ডিগ্রি কলেজ মাঠে তাফসির অনুষ্ঠানের কথা ছিল। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ বলেন, সাঈদীর ছেলের তাফসির মাহফিলের ঘোষণা দেওয়া হলেও সেখানে বিএনপি ও জামায়াতের কর্মসূচি পালন করা হবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সলুয়া কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।