রাজশাহীতে সিল্কসিটি ট্রেনে আগুন
আজ শনিবার রাতে রাজশাহী রেলস্টেশনে দাঁড়ানো অবস্থায় ঢাকা থেকে আসা আন্তনগর সিল্কসিটি ট্রেনে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ট্রেনের তিনটি বগিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ বগি তিনটিকে বাকি বগিগুলো থেকে আলাদা করে ফেলে। এদিকে অগ্নিকাণ্ডের শিকার ট্রেনটিই পরে ধূমকেতু এক্সপ্রেস হয়ে রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় ছেড়ে যায়। আগুন লাগার কারণে ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। তিনটি বগির যাত্রীদের টিকিটও ফেরত নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এতে করে যাত্রীরা ভীষণ বিপাকে পড়েন। কারণ ধূমকেতুর প্রায় যাত্রীরাই ততক্ষণে স্টেশনে চলে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনটি রাত পৌনে ১০টায় রাজশাহী স্টেশনে এসে দাঁড়ায়। ট্রেনটির যাত্রী নামা শেষ হতে না হতেই পেছনের বগিতে আগুন দেখা যায়। এ সময় স্টেশনের উত্তর পশ্চিম কোনায় একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অল্পক্ষণের মধ্যে বাগি তিনটাতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। ট্রেন থেকে প্রচুর পরিমাণে ধোয়া কুণ্ডলী পাকিয়ে স্টেশন এলাকায় ছড়িয়ে পড়ে। স্টেশনে সিল্কসিটির যাত্রী নামার পাশাপাশি ধূমকেতুর যাত্রীদের প্রচুর ভিড় ছিল। যাত্রীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। স্টেশন সুপার আব্দুল করিম বলেন, ট্রেনটি স্টেশনে এসে দাঁড়ানোর ১০ মিনিটের মাথায় পেছনের বগিতে আগুন দেখা যায়। রাত নয়টা ৫৭ মিনিটে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। ১০টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে শুরু করে। রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আব্দুল করিম বলেন, কারা ট্রেনে আগুন লাগিয়েছে তা প্রাথমিকভাবে বোঝা যায়নি। তিনি বলেন, ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম স্টেশনে চলে আসেন। তিনি আগুনে জ্বলা ট্রেনটি পরিদর্শন করেন। এদিকে সকাল থেকেই স্টেশনে পুলিশ পাহারা থাকার পরেও কীভাবে দুষ্কৃতিকারীরা ট্রেনে আগুন দেয় এ নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে স্টেশন সুপার বলেন, পুলিশ পেট্রল ডিউটিতে ছিল। হয়তো এ জন্যই তারা বিষয়টি বুঝতে পারেননি। পরে তদন্ত করে পরে এ বিষয়ে মামলা করা হবে। তিনি রাতে প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের কাছে বাড়তি কোচ না থাকার কারণে ওই তিনটা বগির যাত্রীদের টিকেট ফেরত নেওয়া হবে। লাইন পরিষ্কার করতে সময় লাগবে। এ জন্য ট্রেনটি হয়তো দেড় দুই ঘণ্টা দেরিতে ছাড়বে। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মামলা ও তদন্তের বিষয়টি আসলে জিআরপি থানার। কিন্তু তাঁদের লোকবল কম দেখে বোয়ালিয়া থানার পুলিশরা জিআরপিকে সহযোগিতা করছেন। বাকি যা করার জিআরপি পুলিশ করবে।