রাজশাহীতে স্বাস্থ্যকেন্দ্র নেই, কিন্তু ৪৩ চিকিৎসক আছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে স্বাস্থ্যকেন্দ্র নেই এমন এলাকায় ৪৩ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। কর্মস্থল না থাকায় তাঁদের এখন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করার কথা। কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি চিকিৎসক থাকায় তাঁরা পালা করে কাজ করেন। মূলত তাঁরা এখন রাজশাহী শহরের বিভিন্ন ক্লিনিকে রোগী দেখেন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ২৭তম, ২০০৯ সালে ২৮তম বিসিএস ও ক্যাডারের বাইরে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকদের বাস্তবে অস্তিত্ব নেই এমন চিকিৎসাকেন্দ্রগুলোতে পদায়ন করা হয়েছে। কার্যালয় না থাকার কারণে তাঁদের কোনো দিন গ্রামের এই চিকিৎসাকেন্দ্রে দায়িত্ব পালন করতে হয় না। তাঁরা স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকদের সঙ্গে দায়িত্ব ভাগাভাগি করে কাজ করেন। পালাক্রমে দায়িত্ব পালন করার কারণে এই চিকিৎসকদের সপ্তাহের বেশির ভাগ দিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় না। তাঁরা রাজশাহী শহরে থেকে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকেন। সূত্রমতে, রাজশাহীতে এভাবে নয়টি উপজেলার ৪৩টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের পদায়ন করা হয়েছে। এগুলো হচ্ছে—পবা উপজেলার দামকুড়া, হড়গ্রাম, পারিলা, হরিয়ান ও হরিপুর; মোহনপুর উপজেলার বাকশিমোইল, ধুরইল, ঘাষিগ্রাম, মৌগাছি ও জাহানাবাদ; পুঠিয়া উপজেলার পুঠিয়া ও বেলপুকুর; চারঘাট উপজেলার চারঘাট, ভায়ালক্ষ্মীপুর, নিমপাড়া, শলুয়া ও ইউসুফপুর; বাঘা উপজেলার বাউসা, গড়গড়ি, পাকুড়িয়া ও মণিগ্রাম; দুর্গাপুর উপজেলার মাড়িয়া, নওয়াপাড়া, কিসমতগণকৈড়, ঝালুকা ও জয়নগর; তানোর উপজেলার চান্দুড়িয়া, সরনজয় ও পাঁচন্দর; বাগমারা উপজেলার দ্বীপপুর, বড় বিহানালী, আউসপাড়া, বাসুপাড়া, শুভডাঙ্গা, মাড়িয়া, ঝিকড়া, হামির কুৎবা, জোগীপাড়া, সোনডাঙ্গা ও গোবিন্দপাড়া; গোদাগাড়ী উপজেলার মাটিকাটা, মোহনপুর ও আষাড়িয়াদহ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র। পবা উপজেলার পাঁচটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে এভাবে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালাক্রমে দায়িত্ব পালন করেন। তবে গত ৭ ফেব্রুয়ারি সেখানে গিয়ে তাঁদের একজনকেও পাওয়া যায়নি। আবার পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন চিকিৎসকের মধ্যে মাত্র দুজনকে পাওয়া গেছে। আবাসিক চিকিৎসককেও সেদিন পাওয়া যায়নি। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি শূন্য আছে। দায়িত্ব পালন করছেন আবাসিক চিকিৎসক। হাসপাতালের প্রধান সহকারী রইস উদ্দিন জানান, সিভিল সার্জনের নির্দেশে একটি কাজে তিনি বাইরে গেছেন। হাসপাতালে উপস্থিত দুজন চিকিৎসকের মধ্যে মোস্তাক আহাম্মেদ বলেন, হাসপাতালে সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বহির্বিভাগে দুজন ও জরুরি বিভাগের একজন—এই তিনজন চিকিৎসক থাকেন। আর নাইট ডিউটি করেন অপর একজন চিকিৎসক। এভাবে পালাক্রমে ১২ জন চিকিৎসক হাসপাতালে কাজ করেন। একই সময়ে জেলার চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের পাঁচজনসহ মোট ১৭ জন চিকিৎসক কাজ করেন। তবে ওই দিন মাত্র দুজন চিকিৎসক ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলাউদ্দিনও ছিলেন না। মুঠোফোনে জানতে চাইলে আলাউদ্দিন বলেন, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র না থাকায় নিয়োগ পাওয়া চিকিৎসকেরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পালাক্রমে কাজ করেন। তিনি বলেন, ‘হাসপাতালের ডিউটি অন্য অফিসের মতো নয়। এখানে দিবা-রাত্রি ডিউটি করতে হয়। এ জন্য সব সময় সবাইকে পাওয়া যায় না।’ রাজশাহীর হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান বলেন, বর্তমান সরকার চিকিৎসাসেবা গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ দিয়ে একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছে। আপাতত চিকিৎসাকেন্দ্র না থাকলেও এই চিকিৎসকেরা যদি গ্রামে সপ্তাহে এক দিনের জন্যও আসেন, তাহলে এটা গ্রামের মানুষের জন্য আশীর্বাদ বলে গণ্য হবে। তিনি বলেন, ‘আমার উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক যদি আমার ইউনিয়ন পরিষদেও এসে বসেন, তাহলে আমি প্রতিদিন দুপুরে খাওয়াদাওয়ারও দায়িত্ব নেব। কারণ, এতে এলাকার দরিদ্র মানুষের কল্যাণ হবে।’ বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযমও একই ধরনের কথা বলেন। তিনি বলেন, ‘আমরা উপজেলা সদর থেকে অনেক দূরে থাকি। এলাকায় বসে চিকিৎসাসেবা পাওয়া এই এলাকার মানুষের জন্য স্বপ্নের ব্যাপার। সরকারি একজন চিকিৎসক যদি সপ্তাহে এক দিনও আসেন, তাঁর বসার ব্যবস্থা আমরা করব। এতে মানুষের কল্যাণ হবে।’ রাজশাহী স্বাস্থ্য বিভাগীয় উপপরিচালক নূরুল আমিন বলেন, কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই জরুরি মেডিকেল অফিসার নেই। ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দিয়ে এসব কাজ চালাতে হচ্ছে। আর যেসব উপস্বাস্থ্যকেন্দ্রের স্থাপনার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, সেগুলোর তহবিল পাওয়া গেলেই দরপত্র আহ্বান করা হবে। কতগুলো উপস্বাস্থ্যকেন্দ্রের জমি অধিগ্রহণ করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, দপ্তরের বাইরে আছেন, তাই এখন কিছু বলতে পারবেন না। তবে তিনি বলেন, আর এক-দেড় মাসের মধ্যেই কমিউনিটি ক্লিনিকের স্টাফ নিয়োগ হয়ে যাবে। সেখানেই আপাতত ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা বসে কাজ চালাতে পারবেন। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. শেফায়েত উল্লাহ বলেন, ‘সরকার চায়, সব ইউনিয়নেই একজন করে ডাক্তার চিকিৎসাসেবা দিক। সে জন্যই তাঁদের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পোস্টিং দেওয়া হয়েছে। কিন্তু সব ইউনিয়নে তাঁদের এখনো বসার জায়গা করা হয়নি। তাঁরা এখন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করছেন। সারা দেশেই এ অবস্থা। এখন দেখার বিষয়, তাঁরা সেখানে দায়িত্ব পালন করছেন কি না।’