রাজশাহীতে হাতবোমায় পুলিশ কর্মকর্তা আহত
রাজশাহীতে হরতাল চলাকালে আজ মঙ্গলবার শিবিরের কর্মীদের ছোড়া হাতবোমার আঘাতে পুলিশের একজন সহকারী কমিশনারসহ (এসি) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় বিএনপির পাঁচ কর্মী আহত হন। পুলিশ এ পর্যন্ত ৬২ জনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে নগরের বিনোদপুরের নিচাবাজারে শিবিরের কর্মীদের সংগঠিত হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও হাতবোমা ছুড়তে থাকে। শিবিরের কর্মীদের ছোড়া হাতবোমার আঘাতে আহত হন পুলিশের মতিহার অঞ্চলের সহকারী কমিশনার আবুল হাসনাতসহ আরও চার পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। একপর্যায়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলিপথে পালিয়ে যান।এর আগে সকালে বিনোদপুর এলাকায় আইনজীবী খোরশেদ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল হক ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এমদাদুল হকের বাড়ি থেকে পুলিশের ওপর ইটপাটকেল ও মার্বেল ছোড়া হয়। ওই তিন বাড়ির অংশবিশেষ ভাড়া নিয়ে ছাত্ররা থাকেন। পরে পুলিশ ওই তিন বাড়ি ও আশপাশের এলাকা থেকে বাড়ির মালিকসহ ৬২ জনকে আটক করে। প্রায় একই সময়ে নগরের মালোপাড়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল মালোপাড়ায় গেলে পুলিশ ধাওয়া করে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছোড়ে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় নেতা-কর্মীরা কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর চালান। এই সংঘর্ষে বিএনপির পাঁচজন কর্মী আহত হন।রাজশাহী মহানগর পুলিশ কমিশনার সকালে বিনোদপুরে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, বিনা উসকানিতে তিনটি বাসা থেকে পুলিশের ওপর ইটপাটকের নিক্ষেপ করা হয়েছে। তিনটি বাসাতেই ছাত্র থাকে। বাসার লোকদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব কি না—বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নগরের হালকা যানবাহন রিকশা, অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নগরের প্রতিটি মোড়ে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাবের সদস্য মোতায়েন রয়েছেন।