রাজশাহীতে হিজবুত তাওহীদের ১০ সদস্য গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর মতিহারের কাজলা এলাকায় জঙ্গি তত্পরতায় জড়িত সন্দেহে হিজবুত তাওহীদের জেলা আমির মনিরুজ্জামানসহ ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫ এর সদস্যরা। এর মধ্যে দুইজন মহিলাও রয়েছে। এ সময় সংগঠনের লিফলেট, সিডি, দাজ্জালসম্পর্কিত জিহাদি বই ও ডেস্ক ক্যালেন্ডার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী জেলা আমির ও নগরীর মোন্নাফের মোড় এলাকার মনিরুজ্জামান মিন্টু, চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের রাজন, বাজে কাজলা এলাকার শরিফুল ইসলাম শরিফ, মোজাফফর হোসেন, মনিরুজ্জামান, মানিক হোসেন, নবিজুল ইসলাম, আশরাফ আলী, মরিয়ম বেগম ও মিনা খাতুন। র্যাব-৫ এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, আজ রাত সাড়ে আটটার দিকে তালাইমারী এলাকায় তাদের স্থানীয় আস্তানায় তারা গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। এরা রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ইসলামের নামে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্তিমূলক তত্পরতা চালিয়ে আসছিল। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাদের মতিহার থানায় সোপর্দ করা হবে।