রাজশাহীতে হেলেনাবাদ মেয়েদের মধ্যে সেরা
এসএসসির ফলাফলে রাজশাহী জেলায় মেয়েদের বিদ্যালয়ের মধ্যে রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয় (হেলেনাবাদ) এবার সেরা এবং রাজশাহী বোর্ডে এর অবস্থান দ্বিতীয়। সম্মিলিতভাবে বোর্ডের সেরা দশ বিদ্যালয়ের মধ্যে এর অবস্থান পঞ্চমে। আগের দুই বছরেও এই বিদ্যালয়ের ফলাফল ভালো ছিল। এই বিদ্যালয় থেকে ১২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১১০ জন। বিজ্ঞান বিভাগ থেকে ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন। মানবিক বিভাগে ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। গত বছর এই বিদ্যালয়টি বোর্ডের সেরা দশ বিদ্যালয়ের মধ্যে নবম স্থানে ছিল। এই বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ১১৬ জন। পাস করে ১১৪ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পায় ৬৭ জন। মানবিক বিভাগে ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ২০ জন, জিপিএ-৫ পায় দুজন। বিদ্যালয়টি এবার গতবারের চেয়ে ফলাফলে এগিয়ে গিয়েছে। ভালো ফলাফলের ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা বলেন, আমরা সাজেশন দেওয়ার পরিবর্তে নিয়মিত ক্লাসের মাধ্যমে পুরো বই পড়ানোর ব্যবস্থা করি। ফলে বইয়ের যেকোনো জায়গা থেকে প্রশ্ন করা হলে তারা উত্তর দিতে পারে। তিনি বলেন, অভিভাবকেরা কোচিং ও প্রাইভেট বন্ধ করে দিলেই তারা প্রমাণ করতে পারবেন যে, ভালো ফলের জন্য শিক্ষকেরাই বিদ্যালয়ে পরিশ্রম করে থাকেন। এই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ইয়াসমিন তানজিনা হোসেন। সে জানায়, পড়াশোনার অন্যান্য বিষয়ের পাশাপাশি নিয়মিত ক্লাস পরীক্ষাটা তাদের খুব কাজে দিয়েছে। কলেজশিক্ষক আসমা বেগমের মেয়ে আদিবা এই বিদ্যালয় থেকে এবার জিপিএ-৫ পেয়েছে। তিনি বলেন, ‘কোচিং বাদ দিয়ে নিয়মিত মেয়েকে স্কুল করার জন্য অনুপ্রাণিত করেছি। শিক্ষকেরা ক্লাসে যত্ন করে পড়ান। আর নিয়মিত বাসায় তা অনুশীলন করার জন্য আমাদেরও যথেষ্ট তাগিদ ছিল।’