রাজশাহীতে ২০১০-এর মধ্যে গ্যাস আসছে না
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড রাজশাহী মহানগরে এখনো অর্ধেকের বেশি এলাকায় গ্যাস বিতরণ লাইন বসাতে পারেনি। আবার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডও (জিটিসিএল) দুটি নদীর ওপর গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ করতে পারেনি। এ অবস্থায় কোনোমতেই রাজশাহী মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০১০ সালের মধ্যে রাজশাহীতে গ্যাস আসছে না।পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের একটি সূত্র জানায়, রাজশাহী মহানগরের ৩০টি ওয়ার্ডে তাদের মোট ২৮০ কিলোমিটার লাইন বসাতে হবে। এর মধ্যে মাত্র ১১০ কিলোমিটার লাইন বসানোর কাজ শেষ হয়েছে। বাকি কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কোম্পানির সূত্র মতে, শিগগিরই এই কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হবে।অন্যদিকে পেট্রোবাংলার অপর একটি প্রতিষ্ঠান জিটিসিএল হাটিকুমরুল থেকে বনপাড়া এবং নাটোর হয়ে রাজশাহী মহানগরের খড়খড়ি পর্যন্ত একই সময়ের মধ্যে গ্যাস সঞ্চালন লাইন বসানোর কাজ করছে। সূত্র মতে, শহরে বিতরণ লাইন বসানোর কাজ আগে শেষ হলেও সঞ্চালন লাইন নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত গ্যাস বিতরণ সম্ভব হবে না। খোঁজ নিয়ে জানা গেছে, হাটিকুমরুল থেকে রাজশাহী পর্যন্ত নদীগুলোর ওপর এখনো গ্যাস সঞ্চালন লাইন বসানোর কাজই শুরু হয়নি। চলতি বছরের মধ্যে এ কাজ শেষ করা সম্ভব হবে না।গ্যাস কোম্পানি সূত্র জানায়, ‘রাজশাহী শহর এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ নেটওয়ার্ক প্রকল্প’টি একনেকে পাস হয় ২০০৬ সালে। এর অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১১২ কোটি টাকা। শুরুতে রাজশাহীর নওদাপাড়া-বেলপুকুর বাইপাস সড়কের পাশে খড়খড়ি এলাকায় গ্যাসস্টেশন নির্মাণ করা হয়। এরপর গত বছরের অক্টোবর মাস থেকে রাজশাহী শহরের মধ্যে গ্যাস বিতরণ লাইন নির্মাণের কাজ শুরু করা হয়।এর আগে চার দলীয় জোট সরকারের পক্ষ থেকেও ২০০৫ সালের মধ্যে রাজশাহীতে গ্যাস সরবরাহের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সে প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এদিকে মেয়রের ২০১০ সালের মধ্যে গ্যাস পৌঁছানোর ঘোষণা থেকে রাজশাহী শহরবাসীর মধ্যে নতুন করে গ্যাস নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান বলেন, নির্ধারিত সময়ে রাজশাহীতে গ্যাস প্রকল্প বস্তবায়ন করতে হবে। রাজশাহীবাসী এ ব্যাপারে কোনো অজুহাত শুনতে চায় না।পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির প্রকৌশলী গোলাম মোর্শেদ জানান, ডিপিপি অনুযায়ী নির্ধারিত সময়েই প্রকল্পের কাজ শেষ হবে। তাঁরা ২০১১ সালের মধ্যে সরবরাহ লাইন বসানোর কাজ শেষের চেষ্টা করছেন। গত বছরের ডিসেম্বর মাসে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান প্রথম আলোকে বলেছিলেন, ২০১০ সালের সেপ্টেম্বর-অক্টোবর, বড়জোর নভেম্বরের মধ্যেই রাজশাহীতে মানুষের বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে। তিনি বলেছিলেন, যেকোনো মূল্যেই এ সময় ২০১০ সাল পার হতে দেবেন না।২০ অক্টোবর মেয়র বলেন, তিনি ২০১০ সালের মধ্যেই রাজশাহীতে গ্যাস পৌঁছানোর কথা বললেও জিটিসিএল দুটি নদীর ওপর গ্যাস সঞ্চালন লাইনের টেন্ডার ডাকতে দেরি করে ফেলেছে। এখন তারা নদীর পানি কমার জন্য অপেক্ষা করছে। এ জন্য বোধ হয় দুই-তিন মাস দেরি হবে।