রাজশাহীতে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৩৭ ব্যাটালিয়নের ৪৪ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সাত বছর করে পাঁচজনকে এবং সর্বনিম্ন চার মাস করে ১৯ জনের শাস্তি হয়েছে।রাজশাহী সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৭-এ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। আদালতে সভাপতিত্ব করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম।রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি রাজশাহীর ৩৭ রাইফেল ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরের বিডিআর সদস্যরা অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহ ও অস্ত্র উঁচিয়ে গোলাগুলি করে। এসব ঘটনায় নগরের বোয়ালিয়া মডেল থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বাদী হয়ে ১৭ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজশাহীর সিএমএম আদালতে বিডিআরের ৯৩ সদস্যকে আসামি করে মামলা করেন। ওই বছরের ১৮ মে ৩৭ রাইফেল ব্যাটালিয়ন থেকে ৬৫ এবং সেক্টর সদর দপ্তর থেকে ২৮ বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়।গত বছরের ১৩ নভেম্বর রাজশাহীতে বিশেষ আদালতে বিদ্রোহের বিচার শুরু হয়। প্রথম দিন ৩৭ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার নজরুল ইসলাম বিদ্রোহের ঘটনায় বাদী হয়ে ৪৪ জওয়ানকে আসামি করে বিশেষ আদালতে অপর একটি মামলা দায়ের করে। ৪৪ জনের মধ্যে ৪০ জন আগের মামলার আসামি হিসেবে কারাগারে আটক ছিলেন।