রাজশাহীতে ৩৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় ৪৪ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কারাদণ্ড পাওয়া প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়।বিডিআর বিদ্রোহের বিচারের জন্য রাজশাহী সেক্টর সদরে গঠিত বিশেষ আদালত-১৭ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে পাঁচজনকে। তাঁরা হলেন—হাবিলদার ফলেহার হোসেন, নায়েক সাহাবুদ্দিন ও অসীম কুমার এবং সিপাহি আমিনুল ইসলাম ও সিপাহি মোল্লা হাফিজুর রহমান। ছয় বছরের সাজা পেয়েছেন হাবিলদার আবদুর রহমান ও সিপাহি শাহজালাল।পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া জওয়ানরা হলেন—নায়েক গিয়াস উদ্দিন, ল্যান্স নায়েক বাবুল হোসেন মোল্লা এবং সিপাহি মুকুল মিয়া ও জাহাঙ্গীর আলম। চার বছরের সাজা পেয়েছেন হাবিলদার ময়দান আলী ও ল্যান্স নায়েক আবদুল ওহাব।ল্যান্স নায়েক গোলাম হোসেন, সিপাহি আবদুল হাকিম শাহ, নিসার হোসেন ও কাওসার হোসেনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।দুই বছরের সাজা পেয়েছেন ল্যান্স নায়েক নজরুল ইসলাম, হামিদুল হক, সিপাহি তৈয়ব আলী, নাসির উদ্দিন, মহসিন সরদার, আবদুল কাদের ও সোহেল রানা। এক বছরের কারাদণ্ড দেওয়া হয় সিপাহি তাজউদ্দিনকে। সর্বনিম্ন চার মাসের সাজা পান ১৯ জন। পরে সাজা পাওয়া আসামিদের রাজশাহী কেন্দ্রীয় কারাগার্রেপাঠানো হয়। প্রিজন ভ্যানে ওঠানোর সময় কারাদণ্ড পাওয়া কয়েকজন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের জন্য আজ আমাদের এই সাজা পেতে হলো। আপনারা ছবি না দিলে আমাদের আজ সাজা পেতে হতো না। আপনারা গরিবের পেটে লাথি মেরেছেন। কিন্তু বড় কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে কিছু করেননি।’ এ সময় অনেক আসামি কান্নাকাটি করতে থাকেন। সেক্টর সদরের প্রধান ফটকে অবস্থানরত আসামিদের আত্মীয়স্বজনও কান্নায় ভেঙে পড়েন। আদালতে বিচারকমণ্ডলীর সভাপতি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক কর্নেল নজরুল ইসলাম সরকার। অন্য সদস্যরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহ উদ্দীন, মেজর আশফাক হোসেন ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধিত্ব করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সেলিম। ৩৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাছান আদালতে কৌঁসুলির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ৩৭ রাইফেল ব্যাটালিয়নের বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন। ওই বছরের ১৭ মে পুলিশ বাদী হয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৯৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা করে। এটি বিচারাধীন। ওই ঘটনায় গত ১৩ নভেম্বর বিডিআর আইনে মামলা করা হয়। এই দিনই বিশেষ আদালত-১৭-তে মামলার বিচার শুরু হয়। দিনাজপুরে রায় ১ মার্চ: দিনাজপুর অফিস জানায়, দিনাজপুর সেক্টর সদরে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় রায়ের তারিখ আগামী ১ মার্চ ধার্য করা হয়েছে। আসামিদের আত্মপক্ষ সমর্থন ও কৌঁসুলির যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিশেষ আদালত-১৩ গতকাল এ তারিখ ধার্য করেন। আদালতে বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ্ আহমাদ।