রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী নিহত (ভিডিও)
রাজশাহী নগরের বিনোদপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাদত হোসেন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহাদত শিবিরকর্মী ছিলেন। তাঁর বাবার নাম আখতারুজ্জামান মানু। র্যাবের দাবি, শাহাদত তাঁর সঙ্গীদের নিয়ে আজকের হরতালে নাশকতার পরিকল্পনা করছিলেন। তবে শাহাদতের ভাই দাবি করেছেন, জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে সরকার নিজের বাহিনী দিয়ে তাঁর ভাইকে হত্যা করেছে। র্যাব-৫ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিনোদপুরে বাংলাদেশ বেতার রাজশাহীর সম্প্রচার কেন্দ্রের মাঠে সাত-আটজন শিবিরকর্মী বৈঠক করছিলেন। তাঁরা পরের দিনের (আজ) হরতালে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন—এমন খবরের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় শিবিরকর্মীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে শিবিরকর্মীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে র্যাব শাহাদতকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ছাড়া সেখান থেকে একটি নাইন এমএম পিস্তল, পাঁচটি গুলিসহ একটি ম্যাগজিন, ছয়টি ককটেল ও তিন বোতল পেট্রল উদ্ধার করা হয়।নিহত শাহাদতের ছোট ভাই হাসানুল বান্না প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, কোনো বন্দুকযুদ্ধ নয়, সোজা গুলি করে তাই ভাইকে হত্যা করা হয়েছে। তিনি জানান, তাঁর ভাই বালুঘাটের ‘সাব কন্টাক্টের’ কাজ করতেন। গত ৩ মে ঢাকায় মিরপুরে বন্ধুর বাড়িতে যান। সেখান থেকে র্যাব তাঁকে তুলে নিয়ে যায়। ৪ তারিখ দুপুর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর থেকেই তাঁরা উৎকণ্ঠায় ছিলেন। গতকাল রাতে গোলাগুলির শব্দ পেয়ে প্রতিবেশিদের সঙ্গে তিনি বেতারের সম্প্রচার কেন্দ্রের মাঠে গিয়ে তাঁর ভাইয়ের রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখেন। এসময় খানিকটা দূরে র্যাব অস্ত্র হাতে দাঁড়িয়ে ছিল। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও অস্ত্র হাতে দাঁড়িয়ে ছিলেন। রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশিত কুমার ঘোষ জানান, নিহত শিবিরকর্মীর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।