রাজশাহীতে ‘মিনি সিল্ক মিউজিয়াম’ উদ্বোধন
রাজশাহীতে রেশম বোর্ড ভবনে মিনি মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ রেশম বোর্ডের চেয়ারম্যান সুনীল চন্দ্র পাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।রেশম বোর্ড জানায়, বাংলাদেশ লোক প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ম্যানেজমেন্ট অ্যাট দ্য টপের আওতায় ইনডিভিজুয়্যাল অ্যাকশন প্ল্যানের (আইএপি) অংশ হিসেবে এবং বাংলাদেশ সরকারি ও বেসরকারি খাতে ‘রেশম চাষ সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে এই মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়।রেশম বোর্ড ভবনের তৃতীয় তলার সম্মেলন কক্ষের পাশের কক্ষে এই মিউজিয়াম খোলা হয়েছে। এতে রেশম চাষের ইতিহাস, ঐতিহ্য, রেশমচাষের পদ্ধতির বিভিন্ন পর্যায়সহ সব কর্মকাণ্ড, তুঁত চাষ, পশুপালন পদ্ধতি, কোন পর্যায়ের মানুষ রেশম চাষ করে, রেশমচাষের সম্প্রসারণ কেন্দ্র, সম্প্রসারণ পদ্ধতি, কোন শ্রেণীর মানুষ রেশমবস্ত্র পড়ে, বেসরকারি পর্যায়ে কীভাবে রেশম বোর্ড রেশম সম্প্রসারণের কাজ করছে, তুঁত পোকা কীভাবে পাতা খায়, ডিম দেয়, গুটি তৈরি করে; কীভাবে তা থেকে সুতা তৈরি হয় প্রভৃতি এই মিউজিয়াম পরিদর্শন করলে সহজেই জানা যাবে।বোর্ডের সদস্য (অর্থ ও পরিকল্পনা) স্বপন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শামছুল হক, অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি মরতুজা রেজা, সদস্য এমদাদুল হক, সাবেক জ্যেষ্ঠ উপপ্রধান কর্মকর্তা মনোয়ারা ইসলাম প্রমুখ।