শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির ডাকে বিভাগের আট জেলায় গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে তিন দফা দাবিতে আগামী বৃহস্পতিবার থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি।প্রথম আলোর অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: ধর্মঘট চলাকালে রাজশাহীতে শ্রমিকেরা বিক্ষোভ করে বাইরের গাড়ি শহরে ঢুকতে দেননি। রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেন, শ্রমিকদের দাবিগুলো রাতারাতি পূরণ হওয়ার নয়। তার পরও গতকাল বিকেলে পাবনা জেলা প্রশাসকের সঙ্গে শ্রমিকনেতাদের সফল বৈঠক হয়েছে, কিন্তু বগুড়ার বৈঠকে সমাধান হয়নি। চাঁপাইনবাবগঞ্জ: পরিবহন ধর্মঘটে চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। ধর্মঘটের প্রথম দিনেই আমের দর কমে গেছে প্রতি মণে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। সদরের পুরাতন বাজারের আম ব্যবসায়ী নুরুল ইসলাম ও আফজাল হোসেন জানান, এই বাজারে প্রতিদিন কয়েক হাজার মণ আম বিক্রি হয়। ভোররাত থেকে বাজার শুরু হয়ে রমরমা বেচাকেনা চলে দুপুর ১২টা পর্যন্ত। কিন্তু আজকে উল্টো চিত্র। ব্যবসায়ীরা আম নিয়ে বসে আছেন, অথচ ক্রেতা নেই। সিরাজগঞ্জ: সকাল থেকে সিরাজগঞ্জ বাসস্ট্যান্ড ও ট্রাকস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে পরিবহন চলাচল বন্ধ ছিল। সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনসার আলী জানান, সরকারি আইন থাকা সত্ত্বেও এ পর্যন্ত সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হয়নি। ফলে তাঁরা কল্যাণ তহবিলসহ কোনো সুবিধা পাচ্ছেন না। নওগাঁ: নওগাঁ থেকে দূরপাল্লাসহ আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে কোনো বাস ও ট্রাক চলাচল করেনি। নওগাঁ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’ শেরপুর (বগুড়া): ধর্মঘটের প্রথম দিনে শেরপুরে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ বগুড়া সেনানিবাসের জরুরি গাড়ি আটকা পড়ে ঘণ্টার ঘণ্টা ধরে দুর্ভোগ পোহায়। গতকাল উপজেলার মহাসড়ক এলাকায় সরেজমিনে গেলে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাক আটকা পড়ে আছে।খুলনায় ৪৮ ঘণ্টার ধর্মঘটতিন দফা দাবিতে আগামী বৃহস্পতিবার থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি। গতকাল দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেন ফেডারেশনের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহিম।