রাজশাহীর আদালতপাড়ায় দুর্ভোগ
বিচারক ও এজলাস-সংকট, প্রয়োজনীয় অবকাঠামোর অভাব, জরাজীর্ণ ভবন, বিশ্রামাগার, টয়লেটের অভাবসহ নানা সমস্যার মধ্য দিয়ে চলছে রাজশাহীর আদালতপাড়া। আদালতপাড়ায় বহুবিধ সমস্যা বিদ্যমান থাকার কারণে বিচারপ্রার্থীদের প্রতিনিয়ত পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ আর তাঁদের শিকার হতে হচ্ছে চরম বিড়ম্বনার। একই এজলাস পালাক্রমে ব্যবহূত হয় দুই আদালত হিসেবে: সরেজমিনে খোঁজ নিয়ে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এজলাস-সংকটের কারণে একই এজলাস দিনে দুই বার ব্যবহূত হচ্ছে দুই আদালতের জন্য। যেমন, দেওয়ানি (সিভিল) মামলার ক্ষেত্রে বাগমারা সিনিয়র সহকারী জজ আদালত বেলা পৌনে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে। আবার ওই একই জায়গা (এজলাস) দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যবহূত হয় বাঘা সিনিয়র সহকারী জজ আদালত হিসেবে। শুধু বাগমারা কিংবা বাঘা সিনিয়র সহকারী জজ আদালতই নয়, গোদাগাড়ী ও চারঘাট সহকারী জজ আদালতও ঠিক একইভাবে পালাক্রমে চলছে এজলাস-সংকটের কারণে। এ সমস্যা শুধু সিভিল বা দেওয়ানি মামলার ক্ষেত্রেই নয়, ফৌজদারি বা ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও একই এজলাস পালাক্রমে যেমন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ পালাক্রমে ব্যবহূত হচ্ছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ ঠিক একইভাবে পালাক্রমে ব্যবহূত হচ্ছে এজলাস-সংকটের কারণে। এর ফলে নির্দিষ্ট সময়ের আগেই বিচারকদের এজলাস ত্যাগ করতে হয় মামলা নিষ্পত্তি করার ইচ্ছা থাকা সত্ত্বেও। গুরুত্বপূর্ণ অনেক মামলা রেখেই বিচারকদের এজলাস ত্যাগ করার ফলে বিচারপ্রার্থীরা সঠিক সময়ে বিচারপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এজলাস-সংকটের পাশাপাশি প্রায় সব আদালতেই চেয়ার-টেবিলের অভাব রয়েছে যথেষ্ট। অনেক আদালত ভবন জরাজীর্ণ, টিনশেডেও রয়েছে আদালত: সরেজমিনে দেখা যায়, রাজশাহীর আদালত ভবনের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর ভবন বেশ পুরোনো ও জরাজীর্ণ। বৃষ্টির দিনে এসব জরাজীর্ণ ভবনের ছাদের পানি চুইয়ে নিচে (আদালতের মধ্যে) পড়ার কারণে গতবারের বর্ষায় শেষ পর্যন্ত আদালত মুলতবি বা স্থগিত করার মতো ঘটনাও ঘটেছে। নাম প্রকাশ না করার শর্তে আদালত-সংশ্লিষ্ট কয়েকজন এ বিষয়টি স্বীকার করেন।শুধু আদালত ভবন পুরোনো কিংবা জরাজীর্ণই নয়, টিনশেডবিশিষ্ট কয়েকটি ভবনেও আদালতের কাজ চলে বলে খোঁজ নিয়ে জানা গেছে। টিনশেড ভবনে আদালতের মধ্যে রয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪। বিশ্রামাগার নেই, নেই এপিপিদের আলাদা চেম্বারও: রাজশাহীর আদালতপাড়ায় নেই কোনো বিশ্রামাগার। ফলে আদালতের বিচার কার্যক্রম শুরুর আগ মুহূর্ত পর্যন্ত বিচারপ্রার্থীদের বাইরে ঘুরে বেড়াতে হয়। বিশ্রামাগার না থাকার কারণে বিচারপ্রার্থী অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগের সীমা থাকে না। রাজশাহী বারের আইনজীবী আবু রায়হান এ প্রসঙ্গে বলেন, বিচারপ্রার্থী অসুস্থ ব্যক্তিদের কথা বিবেচনা করে হলেও এখানে অন্তত কয়েকটি বিশ্রামাগার তৈরি করা প্রয়োজন। পিয়ন-পেশকারদের বিরুদ্ধে যত অভিযোগ: রাজশাহীর বিভিন্ন আদালতে নিযুক্ত পিয়ন ও পেশকারদের বিরুদ্ধে রয়েছে উপঢৌকন (ঘুষ) নেওয়ার অভিযোগ। ভুক্তভোগী বিচারপ্রার্থী অভিযোগ করে বলেন, আদালতের বেশির ভাগ পিয়ন-পেশকাররা ঘুষ ছাড়া কোনো কাজই ঠিকমতো করতে চান না। তাঁরা বলেন, এটি যেন একটি অলিখিত বিষয়ে পরিণত হয়েছে। বিচারপ্রার্থীরা অভিযোগ করে বলেন, বিচারপ্রার্থীরা পিয়ন-পেশকারদের কাছে মামলাসংক্রান্ত বিভিন্ন তথ্য নিতে গেলে বা কোনো সহযোগিতা চাইতে গেলে বেশির ভাগ পিয়ন ও পেশকাররা ঘুষ ছাড়া কোনো কাজই করতে চান না। ফলে বাধ্য হয়েই তখন তাঁদের ঘুষ দিতে হয়। একাধিক বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব সমস্যার পাশাপাশি রাজশাহীর আদালতপাড়ায় আরও যেসব সমস্যা প্রতিনিয়ত পরিলক্ষিত হয়, তার মধ্যে রয়েছে টাউট-দালালদের দৌরাত্ম্য, আইনজীবী না হয়েও অবৈধভাবে কোট, টাই ও গাউন পরে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা বিচারপ্রার্থী সহজ-সরল ব্যক্তিদের নানাভাবে প্রলোভন দেখিয়ে ‘মক্কেল সংগ্রহ’ করা।এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম রাজশাহীর আদালতপাড়ায় এজলাস-সংকটসহ বিভিন্ন সমস্যা থাকার বিষয়গুলো নিশ্চিত করেন। বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট সবার সমস্যা লাঘবকল্পে অবিলম্বে এর সমাধান হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, বর্তমান বিচারব্যবস্থায় আমরা মোটেও সুখী নই। কারণ হিসেবে তিনি বলেন, বিচারব্যবস্থাকে হতে হবে নিরপেক্ষ। কিন্তু বিভিন্ন সময়ে সরকারদলীয় প্রভাব, রাজনৈতিক কারণ ছাড়া আরও অন্যান্য কারণে তা সম্ভব হয় না। সার্বিক ব্যাপারে যোগাযোগ করা হলে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে পাবলিক প্রসিকিউর-পিপি) মো.ইব্রাহিম হোসেন রাজশাহীর আদালতপাড়ায় এজলাস-সংকট, জরাজীর্ণ আদালত ভবন, বিশ্রামাগার ও টয়লেটের অভাবসহ বিভিন্ন সমস্যা বিদ্যমান থাকার বিষয়গুলো নিশ্চিত করেন। তিনি বলেন, রাজশাহীর আদালতপাড়ায় নতুনভাবে একটি পাঁচতলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ কাজটি দ্রুত সম্পন্ন হলে এসব সমস্যার অনেকটাই সমাধান হবে বলে তিনি আশা করেন।