রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করেই রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র। বর্তমানে এটি একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। রাজশাহীতে এখন ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১০টি। এসব ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এখানে দালালের মাধ্যমে গ্রামের নিরীহ রোগীদের কৌশলে ভর্তি করা হয়। পরে তাদের অপ্রয়োজনীয় নানা পরীক্ষা-নিরীক্ষা করিয়ে সর্বস্বান্ত করা হয়। রাজশাহীতে বর্তমানে ক্লিনিক ব্যবসায় এতই অরাজক পরিবেশ সৃষ্টি হয়েছে যে, চিকিত্সক নন এমন ব্যক্তিও ক্লিনিক খুলে নিজেই চিকিত্সা দিচ্ছেন। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, রোগ নির্ণয় কেন্দ্রগুলোর হালচাল নিয়ে এক পাতার এ প্রতিবেদন তৈরি করেছেন রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। ছবি তুলেছেন আলোকচিত্রী আজাহার উদ্দিন
রাজশাহীর ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের হালচাল
রোগীরা হচ্ছে সর্বস্বান্তবেসরকারি ক্লিনিকগুলোয় চিকিত্সা নিতে গিয়ে রোগীরা সর্বস্বান্ত হচ্ছে। রোগীদের অভিযোগ, ক্লিনিকগুলোয় চিকিত্সা নিতে গেলেই চিকিত্সকেরা তাদের হাতে পরীক্ষা-নিরীক্ষার মুখস্থ তালিকা ধরিয়ে দেন। সব রোগীকে একই পরীক্ষা-নিরীক্ষার জন্য পছন্দের রোগনির্ণয় কেন্দ্রে অথবা ক্লিনিকে পাঠান। চিকিত্সকেরা প্রতিটি পরীক্ষা থেকে পান আকর্ষণীয় কমিশন।৫ আগস্ট নগরের কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চিকিত্সক নুরুল ইসলাম নাটোরের সিংড়া উপজেলার কালিগ্রাম থেকে আসা এক মহিলার তলপেটে ব্যথার জন্য এক হাজার ৮০০ টাকার পরীক্ষা-নিরীক্ষা করান। এর মধ্যে ইসিজি ও এক্স-রেও রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে রামেক হাসপাতালের একজন চিকিত্সক জানান, তলপেটে ব্যথার জন্য ইসিজি ও এক্স-রে করার দরকার ছিল না।পরে এ ব্যাপারে চিকিত্সক নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। তবে কেয়া ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, আসলে একজন রোগীর একাধিক সমস্যা থাকতে পারে। সে জন্যই হয়তো চিকিত্সক বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়েছিলেন। রোগীর ব্যবস্থাপত্র দেখলে এর প্রমাণ পাওয়া যাবে।৭ আগস্ট রাজশাহীর বাগমারা উপজেলার আবু বাক্কার নামের এক যুবক তাঁর মা কোহিনুর বেগমকে (৫০) নগরের ইসলামী ব্যাংক হাসাপাতালের চিকিত্সক আজিজুল হককে দেখান। কোহিনুর বেগম মাথা ও হাত-পায়ের ব্যথায় ভুগছিলেন। চিকিত্সক তাঁকে আট রকমের পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। আবু বাক্কার খোঁজ নিয়ে জেনেছেন, পরীক্ষাগুলো করাতে কমপক্ষে তিন থেকে চার হাজার টাকা লাগবে। পরে তিনি কোনো পরীক্ষা না করিয়েই মাকে নিয়ে বাড়ি ফিরে যান। ৮ আগস্ট মুঠোফোনে তিনি বলেন, ‘এত টাকার প্রস্তুতি ছিল না, তাই চলে এসেছি। পরে চিন্তাভাবনা করে দেখা যাবে।’গত এপ্রিল মাসে নগরের দেশ ডায়াগনস্টিক সেন্টার নামের রোগনির্ণয় কেন্দ্রের বিরুদ্ধে রোগীর অপ্রয়োজনীয় পরীক্ষা করিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছিলেন নওগাঁর ধামরহাট উপজেলার ভুক্তভোগী রোগীর অভিভাবক নাজমুল হক। তিনি ২১ এপ্রিল রাজশাহীর সিভিল সার্জন ও রাজশাহী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে এই অভিযোগ করেন।অভিযোগে বলা হয়, ১৯ এপ্রিল রোগী আবুল কাশেম (৬৫) মুক্তি ক্লিনিকের চিকিত্সক কফিল উদ্দিনকে দেখান। চিকিত্সকের কক্ষ থেকে বের হওয়ার পর ডাবলু নামের এক ব্যক্তি নিজেকে দেশ ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী পরিচয় দিয়ে আবুল কাশেমকে সেখানে নিয়ে যান। চিকিত্সক রোগীকে তিনটি পরীক্ষার পরামর্শ দিলেও ডাবলু তাঁকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ১০টা পরীক্ষা করিয়ে দুই হাজার ১৮০ টাকা বিল করেন। পরে চিকিত্সকের কাছে প্রতিবেদন নিয়ে গেলে তিনি জানান, তিনি মাত্র তিনটি পরীক্ষা দিয়েছেন। অতিরিক্ত পরীক্ষাগুলো করানোর দরকার ছিল না।এ ব্যাপারে দেশ ডায়াগনস্টিক সেন্টারের কারিগর জাহিদুল ইসলাম জানান, কাউন্টার থেকে তাঁর কাছে যেভাবে তালিকা আসে, সেভাবেই পরীক্ষা করা হয়। এর বেশি তিনি জানেন না। বাড়তি কিছু জানতে হলে তিনি সেন্টারের পরিচালকের সঙ্গে দেখা করার পরামর্শ দেন। মুঠোফোনে পরিচালক জহুর সাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের কাছে যেভাবে এসেছে, সেভাবে আমরা পরীক্ষা করিয়েছি।’ ব্যবস্থাপত্রে তিনটি পরীক্ষার চাহিদা থাকলেও ১০টি কেন করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘ওই রোগী কার সঙ্গে এসেছেন, তা তো আমরা বলতে পারব না। কোনো দালালের সঙ্গে এসে থাকলে তিনি আলাদা চাহিদাপত্র বদলে দিতে পারেন।’ পরে অবশ্য আর কথা বলার জন্য ডাবলুকে খুঁজে পাওয়া যায়নি।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে ব্যবসারাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে (রামেক) ঘিরেই নগরের লক্ষ্মীপুর এলাকায় গড়ে উঠেছে সিংহভাগ ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র। অভিযোগ রয়েছে, রামেক হাসপাতাল থেকেই চিকিত্সকেরা রোগীদের সুবিধামতো ক্লিনিকে ভর্তির জন্য সুপারিশ করেন এবং রোগনির্ণয় কেন্দ্রে পাঠান। এমনও অভিযোগ রয়েছে যে, কিছু কিছু চিকিত্সক আছেন, যাঁরা ওই সব নির্ধারিত ক্লিনিক থেকে পরীক্ষা না করালে রোগের প্রতিবেদন গ্রহণ করেন না।৪ মে রাজশাহীর পবা উপজেলার কাঁটাখালি এলাকার আবদুল আলীম (৪০) হাসপাতালের বহির্বিভাগে ডা. শাহজাহানের কাছে দেখান। তিনি বেশকিছু পরীক্ষা দেন। এগুলো করার পর চিকিত্সক বলেন, হারনিয়ার সমস্যা। অস্ত্রোপচার করতে হবে। পরে রোগী ও তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে অস্ত্রোপচার করাতে আগ্রহী ছিলেন। কিন্তু চিকিত্সক তাঁকে বোঝান, হাসপাতালে করতে হলে এক মাস ভর্তি হয়ে থেকে সিরিয়াল নিতে হবে। সরকারি চাকরিজীবী আবদুল আলীমের হাতে অত সময় নেই। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী তিনি রাতেই ক্লিনিকে ভর্তি হয়ে অস্ত্রোপচার করেন। তাঁদের দেড় হাজার টাকার শুধু ওষুধই কিনতে হয়, অন্যান্য খরচ তো আছেই। অবশ্য পরের দিনই তাঁকে ছেড়ে দেওয়া হয়।এভাবে চিকিত্সকেরা রোগীদের প্রতিদিন হাসপাতালের অব্যবস্থাপনার কথা বলে নিজেদের ক্লিনিকে টেনে নিচ্ছেন। ৮ আগস্ট মেডিসিন বিশেষজ্ঞ নাজমুল হদা বহির্বিবিভাগের একজন রোগীকে সিরাম ইলেকট্রোলাইটস নামের একটি পরীক্ষার জন্য হাসপাতালের বাইরে একটি রোগনির্ণয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন। তিনি রোগীকে বোঝান, হাসপাতালের মেশিনে এই পরীক্ষা ভালো হয় না। রোগীর অভিভাবক সোহরাব খোকন জানান, চিকিত্সকের পরামর্শ অনুযায়ী তাঁরা নগরের ওই রোগনির্ণয় কেন্দ্রে যান। সেখানে তাঁদের কাছ থেকে ওই পরীক্ষার জন্য সাড়ে ৬০০ টাকা দাবি করা হয়। পরে তাঁরা অন্য একটি বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র থেকে একই পরীক্ষা সাড়ে ৪০০ টাকায় করান।এ ব্যাপারে জানতে চাইলে চিকিত্সক নাজমুল হক বলেন, ‘এই পরীক্ষার যন্ত্রটি আমাদের হাসপাতালে নেই। মেডিকেল কলেজে আছে। মেডিকেল কলেজ থেকে পরীক্ষার পর ফলাফল সন্দেহজনক মনে হলে রোগীদের বাইরে পাঠানো হয়।’এ ছাড়া রয়েছে রোগী ধরা দালাল। দালালেরা সারাক্ষণ হাসপাতালের বহির্বিভাগে ঘুর ঘুর করে। তারা বিশেষ করে গ্রাম থেকে আসা সহজ-সরল রোগীদের ভুল বুঝিয়ে নিম্নমানের ক্লিনিকগুলোয় নিয়ে যায়। সেখানে তাদের প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে বাধ্য করে। হাসপাতাল চত্বর থেকে গত বছর ২৪ অক্টোবর পুলিশ রোগী ধরা দালাল সমিতির সাধারণ সম্পাদক শাহজান আলীসহ (৫০) তিন দালালকে গ্রেপ্তার করে। অপর দুই দালালের নাম ফিরোজ (৪৫) ও আনারুল (৪৬)। তাঁরা নগরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বহুদিন ধরে এই অবৈধ ব্যবসা করে আসছিলেন বলে নগরের রাজপাড়া থানা পুলিশ জানায়। এ ঘটনার পর আরও নয়জন দালালকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তার পরও দালালদের দৌরাত্ম্য একই রকম রয়েছে।একটি রোগনির্ণয় কেন্দ্র নিয়ে সবাই বিপাকেরাজশাহী নগরের লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠান নিয়ে মালিক সমিতি যেমন বিপদে পড়েছেন, তার চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে চিকিত্সা নিতে আসা সাধারণ মানুষ। সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, প্রতিটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সমিতির একটি নির্ধারিত রেট আছে। সমিতির সদস্যরা রোগীর কাছ থেকে প্রয়োজনে এই রেটের নিচে টাকা নিতে পারবেন, কিন্তু কিছুতেই এই রেটের বেশি টাকা কোনো রোগীর কাছ থেকে আদায় করতে পারবেন না। কিন্তু পপুলার ডায়াগনস্টিক সেন্টার সব ধরনের পরীক্ষার জন্য সমিতির নির্ধারিত রেটের চেয়ে বেশি টাকা আদায় করছে। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।মোখলেছুর রহমান অভিযোগ করেন, এই অতিরিক্ত টাকা দিয়ে তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নামীদামি সব চিকিত্সকের মাথা কিনে নিচ্ছেন। যে চিকিত্সকেরা তাঁদের ক্লিনিকে বসছেন, তাঁদের রোগীর পরীক্ষা-নিরীক্ষা বাবদ যে আয় হচ্ছে, এর ২৫ শতাংশ ওই চিকিত্সকদের দিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সাধারণ ক্লিনিকের বাইরে থেকে একজন চিকিত্সক কোনো রোগীকে পাঠালে, সেসব রোগীর পরীক্ষা-নিরীক্ষা বাবদ যে টাকা আয় হয়, তার একটা অংশ কমিশন হিসেবে সেই চিকিত্সকদের দেওয়া হয়। এর মধ্যে কোনো রাখঢাক নেই—সবাই জানে। এ ব্যাপারে পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহীর ইনচার্জ ফরিদ মাহমুদ শামীম বলেন, তাঁদের মেশিন ভালো, পরীক্ষা-নিরীক্ষার গুণগত মানও ভালো। ঢাকায় যে মেশিন ব্যবহার করা হয়, এখানেও তাঁরা সেই মেশিন ব্যবহার করছেন, কিন্তু ঢাকার চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ খরচ কম নেওয়া হয়। তিনি চিকিত্সকদের বাড়তি ২৫ শতাংশ কমিশন দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।নগরের ক্লিনিক পাড়ায় একদিনরাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় নিবন্ধন নেই এমন ক্লিনিকেও জমজমাট ব্যবসা চলছে। এ ছাড়া রোগনির্ণয় কেন্দ্রগুলোতেও চলছে রমরমা ব্যবসা।৯ আগস্ট লক্ষ্মীপুরে রামেক হাসপাতালের পশ্চিমের দেয়ালের পাশের একটি গলিতে ঢুকে দেখা যায়, সেখানে গিজগিজ করছে মানুষ। এ গলিতে ফেয়ার ল্যাব, ইজি প্যাথ ডায়াগনস্টিক সেন্টার, প্যাথলজি সেন্টার, সমতা নার্সিং হোম, আল শেফা ডায়াগনস্টিক সেন্টার ও ডালিয়া চিকিত্সালয় নামের প্রতিষ্ঠানের সাইনবোর্ড রয়েছে। গলির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে মানুষকে ঘিরে ধরছেন একদল লোক। তারা তাদের ক্লিনিকে কোন চিকিত্সক বসেন, তাঁর কেমন অভিজ্ঞতা, কী কী রোগের চিকিত্সা দেন—এ সম্পর্কে বলে যাচ্ছেন। একজন মানুষকে চারদিক থেকে এমনভাবে ধরা হচ্ছে যে এই গলির ভেতরে ঢুকলে তাদের হাত থেকে কোনো রোগীর ছাড়া পাওয়ার সম্ভাবনা কম।রাজশাহী সিভিল সার্ভিসের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, ইজি প্যাথ ডায়াগনস্টিক সেন্টারের কোনো অনুমোদন নেই। এর ভেতরে গিয়ে দেখা যায়, পর্দা টাঙিয়ে একটিমাত্র কক্ষে প্যাথলজি ও একজন চিকিত্সকের বসার ব্যবস্থা করা হয়েছে। গেটের বাইরে একটি ছোট্ট টেবিল ও একটি চেয়ার নিয়ে অভ্যর্থনাকারী বসে রয়েছেন। লাইসেন্স নবায়ন না থাকলেও সমতা নার্সিং হোম দিব্যি তাদের চিকিত্সা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।লক্ষ্মীপুর (জিপিওর সামনে) নিউ ইবনে সিনা হাসপাতালে গিয়ে দেখা যায়, একটি ছোট্ট কক্ষের মধ্যে তিনটি করে বিছানা পাতা রয়েছে। বিছানাগুলো এতই নোংরা যে তাতে বসার মতো পরিবেশ নেই এবং বাথরুমে ঢোকার মতোও পরিবেশ নেই। এই হাসপাতালের একটি কক্ষে তিনজন রোগীকে দেখা যায়। এই সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, হাসপাতালটির সরকারি কোনো অনুমোদন নেই। বারবার তাগাদা দেওয়া হলেও প্রস্তুতি নেই অজুহাত দেখিয়ে তারা আসে না। তবে এই হাসপাতালের পরিচালক মাজদার রহমান ওরফে সবুজ দাবি করেন, তাঁর সব কাগজপত্র ঠিক আছে। এর মতো পরিচ্ছন্ন ক্লিনিক রাজশাহী শহরে একটিও নেই।ক্লিনিক ব্যবসায় অরাজকতাঅতিরিক্ত মুনাফার আশায় রাজশাহীতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র। এগুলোর বেশির ভাগের বিরুদ্ধে মান ও নিবন্ধনের শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে। এসব ক্লিনিকের বিরুদ্ধে কখনো কখনো অভিযান চালানো হলেও সেগুলোর ধারাবাহিকতা রক্ষা করা হয় না। ফলে সাইনবোর্ড-সর্বস্ব ক্লিনিক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।১৫ জুলাই রাজশাহীর এমন তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে র্যাব ক্লিনিকের কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে। এই তিনটি ক্লিনিক হচ্ছে এশিয়ান ল্যাব, রাজ প্যাথলজি ও রাজশাহী ডায়াগনস্টিক সেন্টার। অভিযানে অংশ নেওয়া ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম জানান, এশিয়ান ল্যাবে রোগী দেখার সময় হাতেনাতে নুরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই এশিয়ান ল্যাবের কোনো সাইনবোর্ড ছিল না। কোনো অনুমোদন নেই, এমনকি লাইসেন্সের জন্য আবেদনও করেনি। নুরুল ইসলামের বাড়ি নগরের বহরামপুর এলাকায়। তিনি এত দিন সাইফুল ইসলাম নামে চিকিত্সক সেজে রোগী দেখাসহ রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। রোগীদের পরীক্ষা-নিরীক্ষাগুলোও তাঁর ল্যাব থেকে করানোর পরামর্শ দেন। সেখানেও প্যাথলজিস্ট নেই। নুরুল ইসলাম নিজেই শহীদুল্লাহ নামের প্যাথলজিস্ট সেজে কোনো পরীক্ষা না করেই শুধু কম্পিউটারে প্রতিবেদন করে দিতেন।রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দেখা গেছে, এখানে যাঁরা প্যাথলজিস্ট হিসেবে কাজ করছিলেন, তাঁদের কোনো প্রশিক্ষণ বা সনদ নেই। জরিমানা করে এ সেন্টারটিও বন্ধ করে দেওয়া হয়।রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, প্রতি ১০ শয্যার বেসরকারি ক্লিনিকের জন্য তিনজন করে চিকিত্সক, তিনজন করে সুপারভাইজার এবং ছয়জন করে প্রশিক্ষিত সেবিকার প্রয়োজন। এ ছাড়া প্রতিটি শয্যার জন্য ৮০ বর্গফুট জায়গার প্রয়োজন। খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ ক্লিনিকেই এই শর্ত মেনে ব্যবস্থা রাখা হয়নি।ক্লিনিক মালিক সমিতির কথাক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের মালিকদের একটি সংগঠন রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এ সংগঠনের নাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান স্বীকার করেন, রাজশাহীতে যত ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র রয়েছে, প্রতিটি আইন মেনে কাজ করছে না। তবে তিনি বলেন, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র পরিচালনার জন্য এরশাদ সরকারের ১৯৮১ সালের একটি অধ্যাদেশই এখন আইন হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটা একেবারে অবাস্তব। এটাকে যুগোপযোগী করা দরকার। এই আইন মেনে ক্লিনিক ব্যবসা চালানো সম্ভব নয়।মোখলেছুর রহমান দাবি করেন, সারা দেশের কোথাও এই আইন মানা হয় না। কারণ, প্রতি ১০ শয্যার জন্য ছয়জন সেবিকা রেখে ব্যবসা চালানো সম্ভব নয়। তিনি বলেন, আইনের অন্যান্য বিষয় অমান্য করে কেউ ক্লিনিক পরিচালনা করতে গিয়ে বিপদে পড়লে সংগঠন তাঁর জন্য কিছু করতে পারবে না, বিশেষ করে যাঁরা সরকারি কোনো অনুমোদন না নিয়েই ব্যবসা করছেন। যেখানে কোনো চিকিত্সক, ডিপ্লোমাধারী টেকনিশিয়ান ও ডিগ্রিধারী সেবিকা নেই, অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক চালানো হচ্ছে—এমন অনিয়মের জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সংগঠন তাঁদের পাশে দাঁড়াবে না। তিনি আরও বলেন, সমিতির সদস্যদের তাঁরা এসব বিষয় মেনে চলার জন্য তাগাদা দিয়ে থাকেন।উপজেলা পর্যায়ের অবস্থা আরও শোচনীয়রাজশাহীর বিভিন্ন উপজেলা পর্যায়ে এই ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের অবস্থা আরও শোচনীয়। সেখানে কোনো চিকিত্সক নেই, ডিপ্লোমাধারী কোনো সেবিকা নেই। যে যার মতো সেখানে ক্লিনিক ব্যবসা করছে। গত ৩০ জুলাই বাঘার পদ্মা ক্লিনিকের একজন রোগীর এমন মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে বজলুল করিম তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রীতা বেগমকে গত ২১ জুন বাঘা উপজেলা সদরের পদ্মা ক্লিনিকে ভর্তি করেন। সেখানে অস্ত্রোপচার করে তিনি মা হন। এরপর ছাড়পত্র দেওয়া হলে বাড়িতে গিয়েই রীতা বেগম অসুস্থ হয়ে পড়েন। তাঁর অবস্থার অবনতি হতে থাকলে ১৪ জুলাই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ৩০ জুলাই তাঁর মৃত্যু হয়। তাঁর দেবর সাজিদুল ইসলাম দাবি করেছেন, রাজশাহী মেডিকেল কলেজের চিকিত্সক বলেছেন, অস্ত্রোপচারের ভুলের কারণেই রীতা বেগমের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ভুল অস্ত্রোপচারের অভিযোগ এনে তিনি বাদী হয়ে বাঘা থানায় অভিযোগ করেছেন।এ ব্যাপারে পদ্মা ক্লিনিকের মালিক মাহফুজ আলী বলেছেন, রাজশাহী মেডিকেল কলেজের চিকিত্সক মাসুম এসে ওই রোগীর অস্ত্রোপচার করেছিলেন। তাঁদের কোনো ভুল হয়নি। সিভিল সার্জন যা বলেন...রাজশাহীর সিভিল সার্জন জহুরুল ইসলাম বলেন, ক্লিনিকগুলোকে ওপর থেকে অনুমোদন দেওয়া হয়। যখন অনুমোদনের জন্য আবেদন করা হয় তখন তারা বিভিন্ন জায়গা থেকে ধার করে চিকিত্সকসহ অন্যান্য লোকবল নিয়ে আসে। অনুমোদন হওয়ার এক মাস পরে সেখানে আর কেউ থাকেন না। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় যেসব কারণে ক্লিনিকগুলোকে জরিমানা করা হয়েছিল, এখন অবস্থা তার চেয়েও খারাপ। কিন্তু বিচার বিভাগ আলাদা হয়ে যাওয়ায় এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জরিমানা করার ক্ষমতা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। এ জন্য এ অভিযানকে কেউ আর ভয় করে না। তার পরও পুলিশ, ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযান চালাতে হয়। এসব কারণে সব সময় অভিযান চালানো সম্ভব হয় না।অতীতে অভিযানের ফলাফল শূন্যরাজশাহীতে বেসরকারি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের অনিয়মের কারণে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনী অভিযান চালায়। সে সময় তারা অনেক নামীদামি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা করে এবং অনেকগুলো সিলগালা করে বন্ধ করে দেয়। চিকিত্সকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু বারবার অভিযান চালানো, জরিমানা এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ২০০৮ সালের ১৪ মে রাজশাহী নগরের সমস্ত ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের মালিকেরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন। সে সময় মালিক পক্ষের বক্তব্য ছিল, পর্যাপ্ত দক্ষ জনবল সরকারই সরবরাহ করতে পারছে না। তাই তাঁরা নিয়োগ দেওয়ার মতো দক্ষ লোকজন পাচ্ছেন না। অথচ স্বাস্থ্য বিভাগের বক্তব্য ছিল, দক্ষ জনবল না পেলে ক্লিনিক চালানোর দরকার নেই। কিন্তু ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার পরদিন জেলা প্রশাসন, যৌথবাহিনী ও প্রতিরক্ষা মহাপরিদপ্তরের সঙ্গে তিন দফা ফলপ্রসূ আলোচনার পর মালিকেরা ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র খুলে দেন।সরকারি নীতিমালা অনুযায়ী প্রতি ১০ শয্যার জন্য তিনজন চিকিত্সক, ছয়জন ডিপ্লোমাধারী সেবিকা, তিনজন সুইপার এবং প্রতিটি শয্যার জন্য ৮০ বর্গফুট জায়গা থাকতে হবে। এই শর্ত মেনে ক্লিনিকগুলো চালানো হচ্ছিল না।ক্লিনিক খুলে দেওয়ার পর মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা সরকারি নীতিমালা মানতে বাধ্য, কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে নীতিমালা অনুযায়ী দক্ষ জনবল আমরা পাচ্ছি না। এই বাস্তবতা আমরা প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছি।’এরপর সব অভিযান বন্ধ হয়ে যায়। তখন যে অবস্থা ছিল, এখনো সেই অবস্থাতেই এ প্রতিষ্ঠানগুলো চলছে।রাজশাহীরক্ষা সংগ্রাম পরিষদ এই ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের অনিয়মের বিরুদ্ধে বহুদিন থেকে আন্দোলন করে আসছে। ক্লিনিকের অনিয়মের বিরুদ্ধে তারা সভা, সমাবেশ ও মানববন্ধন করেছে। পরিষদের আহ্বায়ক জামাত খান বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে রাজশাহী শহরে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক গজিয়ে উঠছে। চিকিত্সার নামে তারা মানুষকে জিম্মি করে পয়সা আদায় করছে। এ ব্যাপারে তাঁরা আন্দোলন-সংগ্রাম করেছেন। তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।