রাজশাহীর গোদাগাড়ীতে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন এ আদেশ জারি করে। আজ সোমবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। জানা গেছে, নদীভাঙন-কবলিতদের সহায়তা প্রদান ও পুনর্বাসনের দাবিতে স্থানীয় বিএনপি সুলতানগঞ্জ বাসস্ট্যান্ডে আজ সকাল ১০টায় মানববন্ধন ও সমাবেশ ডাকে। ছাত্রলীগও যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে সেখানে একই সময়ে সমাবেশের ডাক দেয়। এতে উভয়দলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া মঈন ১৪৪ ধারা জারি করেন। ইউএনও জুলিয়া মঈন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।