রাজশাহীর তিন জেলায় কাল শিবিরের হরতাল
‘আটক’ দুই নেতার মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেল ছয়টার মধ্যে ‘আটক’ দুই নেতাকে আদালতে হাজির করা না হলে আগামীকাল ওই তিন জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। শিবিরের দাবি, গত সোমবার বিকেলে ঢাকার শাহজাদপুরের পিপলস ইউনিভার্সিটির সামনে থেকে শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার অর্থসম্পাদক তাজাম্মুল আলী ও ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক আজিজুর রহমানকে আটক করে সাদা পোশাকধারী পুলিশ। তবে এখনো তাঁদের আদালতে হাজির করা হয়নি। তাঁদের কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ জানান, এখনো পর্যন্ত তাঁদের কাছে শিবিরের কাউকে আটকের কোনো তথ্য নেই।