রাজশাহীর তিন জেলায় সকাল-সন্ধ্যা কুমিল্লায় আধা বেলা হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের হামলায় আবদুল আজিজ নামের এক কর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় আধা বেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। এদিকে, আটক দুই নেতার মুক্তির দাবিতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার, চিওড়া, আটগ্রাম, একতাবাজার ও খিরণশালে শিবিরের কর্মীরা হরতালের সমর্থনে এবং অভিযুক্তদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ করেছেন। গত সোমবার সন্ধ্যায় পদুয়া বাজার মসজিদের সামনে থেকে শিবিরের কর্মী আবদুল আজিজকে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী কুলাসার গ্রামে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা সেখানে তাঁকে বেদম মারধর করে অচেতন অবস্থায় ফেলে যায়। আশপাশের লোকজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের আটক দুই নেতার মুক্তির দাবিতে আজ রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় হরতালের ডাক দিয়েছে শিবির। শিবিরের দাবি, তাদের বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক তাজামঞ্চুল আলী ও ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক আজিজুর রহমানকে সোমবার বিকেলে ঢাকার শাহজাদপুরের পিপলস ইউনিভার্সিটির সামনে থেকে সাদা পোশাকধারী (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে।রাজশাহীর মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ জানান, তাঁদের কাছে এখন পর্যন্ত শিবিরের কাউকে আটকের কোনো তথ্য নেই।