রাজশাহীর দুর্গাপুরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদল ও যুবলীগ একই সময় ও স্থানে সমাবেশ আহ্বান করায় রাজশাহীর দুর্গাপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদুল ইসলাম জানান, আজ মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ থাকবে।আজ বিকেল চারটায় কাউন্সিল উপলক্ষে দুর্গাপুরের শালঘরিয়া ফোরকানিয়া মাদ্রাসার মাঠে যুবদল এবং যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে যুবলীগ সমাবেশ আহ্বান করে। এতে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মাদ্রাসার মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে দুর্গাপুর থানা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম অভিযাগ করেন, ৭ অক্টোবর তাঁরা নিয়মতান্ত্রিকভাবে প্রশাসনের কাছ থেকে সভার অনুমোদন নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে যুবলীগ কীভাবে সেখানে একই সময়ে কর্মসূচি দিল, সেটা বিচার ছাড়াই প্রশাসনের বারবার ১৪৪ ধারা জারি রহস্যজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। তবে দুর্গাপুর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও শালঘরিয়া ওয়ার্ডের সভাপতি আবু সাঈদ মণ্ডল বলেছেন, তিনিই আগে সভা আহ্বান করেছিলেন। যুবদল তার পরে করেছে।