রাজশাহীর পবায় নদী ভাঙন
গত বছরের ভাঙনের পরে রাজশাহীর পবা উপজেলার চর তরানগর গ্রামের আর ১১টি বাড়ি অবশিষ্ট ছিল। পদ্মার ভাঙনে এবার সেই ১১ বাড়িও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম চরখিদিরপুরেরও অর্ধেক ভেঙে গেছে। হুমকির মুখে রয়েছে খানপুর বিডিআর ক্যাম্প। আশ্রয়হীন হয়ে পড়া অধিকাংশ পরিবার এখন যেখানে-সেখানে চালা তুলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। তালিকা হলেও এ পর্যন্ত তাদের কাছে সরকারি কোনো ত্রাণ পৌঁছায়নি। হারিয়ান ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবু আলম চরখিদিরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাড়িও ভেঙে গেছে। আবু আলম জানান, গত রমজানের শেষের দিকে ভাঙন শুরু হয়। এখনো থেমে থেমে ভাঙছেই। তিনি বলেন, তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটি গত বছরই ভেঙে গেছে। এবার একটি মাদ্রাসা ছিল, সেটিও ভেঙেছে। এর পাশেই ভারতের মুর্শিদাবাদ জেলার কাতলমাটি এলাকা। মাদ্রাসার পাশেই ছিল ১৬৪ নম্বর সীমান্ত পিলার। এটিও এবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিনি বলেন, এবারের ভাঙনে প্রায় ৫০০ বিঘা ফসলি জমি ভেঙে গেছে। বাড়িঘর হারিয়ে মানুষ যেমন দিশেহারা, তেমনি ফসলি জমি বিলীন হওয়ায় তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। গত কয়েক দিন আগে চরখিদিরপুর গিয়ে দেখা গেছে, গ্রামের চেহারা একেবারে পাল্টে গেছে। ঘর ভেঙে নেওয়া বাড়ির ভিটাগুলো একে একে নদীর মধ্যে ভেঙে পড়ছে। স্থানীয় লোকজন তাড়াহুড়া করে মাদ্রাসার ইট খুলে মহিষের গাড়িতে করে অন্যত্র সরিয়ে নিচ্ছে। খিদিরপুর গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখা যায়, বাস্তুহারা মানুষ সারি সারি ঘরের চালা ফেলে রেখেছে মাথা গোঁজার আশায়। তাদের ঘর তোলার মতো নিজের কোনো জমি নেই। তারা প্রায় খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছে। চরখিদিরপুরের পাশের গ্রাম খানপুর। এখানে রয়েছে একটি বিডিআর ক্যাম্প। ২৮ সেপ্টেম্বরও দেখা গেছে, ক্যাম্প থেকে ভাঙন-সীমানা আর মাত্র ১২০ গজ দূরে। এই ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সৈয়দ আলী বলেন, সকাল হলেই তিনি মাপজোখ শুরু করেন নদী আর কত দূরে রয়েছে তা জানতে। প্রতিদিনই তাঁরা এই কাজ করেন। তিনি বলেন, স্বাভাবিক ডিউটির কারণেই তাঁদের অতন্দ্র থাকতে হয়। তার ওপর শুরু হয়েছে নদী ভাঙনের টেনশন। ক্যাম্পের পাকা ভবন দেখিয়ে তিনি বলেন, সরকার কত খরচ করে এগুলো করেছে। তারাও সুন্দর পরিপাটি করে রেখেছে। কিন্তু নদী যেভাবে ভাঙছে তাতে হয়তো এখানে আর ক্যাম্প রাখা যাবে না। ক্যাম্পের জন্য আরেকটি জায়গা তৈরি করা হচ্ছে। পবার হরিয়ান ইউনিয়নের চেয়ারম্যান মনির উদ্দিন বলেন, তাঁর দুটি গ্রামের মানুষ নদী ভাঙনে একেবারে দিশেহারা হয়ে পড়েছে। তিনি ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের জন্য কোনো সাহায্যের ব্যবস্থা করা সম্ভব হয়নি। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সেলিম মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নদীতে যে বিদ্যালয়টি ভেঙেছে তাঁর ঘর তুলতে ইতিমধ্যে ৭৫ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে। আর যে পরিবারগুলো নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সাহায্যের জন্য একটি তালিকা করে জেলা প্রশাসকের কার্যালয়ে দেওয়া হয়েছে। সাহায্যের বিষয়টি এখন একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।