রাজশাহীর পলিটেকনিকে ছাত্রলীগের ভাঙচুর
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আর্থিক ছাড়ের সুযোগ না পেয়ে ফরম পূরণে ব্যর্থ হওয়ায় আজ সোমবার ছাত্রলীগের কর্মীরা সিভিল বিভাগে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইনস্টিটিউটের সিভিল বিভাগে ফরম পূরণ চলছে। বেলা ১১টার দিকে ইনস্টিটিউটের অনিয়মিত ছাত্র ও ছাত্রলীগের কর্মী শাকিল এবং তাঁর কয়েকজন সঙ্গী কিছু আর্থিক ছাড়ে ফরম পূরণের জন্য বিভাগের ইনচার্জ আবদুর রাজ্জাককে চাপ দেন। কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় শাকিল ও তাঁর সঙ্গীরা সিভিল বিভাগে ভাঙচুর শুরু করেন। এ সময় আরিফ, রামীম, সাইফ, মামুন ও রনি এবং বহিরাগত আরজু, রাব্বি, রয়েলসহ ১৫-২০ জন ছাত্র তাঁদের সঙ্গে যোগ দেন।তাঁরা রেজিস্ট্রারের দরজা, নোটিশ বোর্ড, চেয়ার টেবিল ভেঙে ফেলেন।আবদুর রাজ্জাক জানান, দরিদ্র ছাত্রদের জন্য কিছু ছাড় আছে। শাকিলের নেতৃত্বে কয়েকজন ছাত্র এসে সেই ছাড় দাবি করে। কিন্তু এতে তিনি রাজি না হওয়ায় তারা ভাঙচুর শুরু করে।এ ব্যাপারে ইনস্টিটিউটের একাডেমিক ও প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।জানতে চাইলে শাকিল বলেন, ‘আবদুর রাজ্জাক স্যার বলেছেন, পকেটের টাকা দিয়ে কি তোমাদের ফরম পূরণ করাব? অন্যান্য বিভাগে ছাড় দেওয়া হচ্ছে—বিষয়টি জানালে স্যার বলেন, তুমি আমাকে শিখাবে? আমি কলেজের ডন। এর জবাবে ছেলেরা বলে স্যার ডন হলে আমরা কী?’শাকিল স্বীকার করেন, তাঁর সঙ্গে ছাত্রলীগের আর দুজন ছাত্র ছিলেন। ফরম পূরণে এক হাজার ২৫০ টাকা করে লাগলেও তাঁরা ৫০০ টাকা করে ছাড় চেয়েছিলেন।রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ভাঙচুরের ব্যাপারে তাঁকে ফোন করেছিলেন। তিনি সেখানে গেলে বলতে পারবেন কারা কেন ভাঙচুর করেছে। আপাতত এর বেশি তিনি জানেন না।