রাজশাহীর পুঠিয়ায় ১৪৪ ধারা জারি
রাজশাহীর পুঠিয়া শিলমাড়িয়া হাইস্কুল মাঠে বিএনপির দুই পক্ষ একই সময়ে সমাবেশ আহ্বান করায় ওই স্থানে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শিলমাড়িয়া হাইস্কুল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজ শনিবার বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন।পুঠিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুনসুর রহমান জানান, শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হায়াতকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আবু হায়াতের বহিষ্কারের এ সুপারিশ জেলা কমিটিতে পাঠানো হয়েছে। এ বিষয়টি দলের নেতা-কর্মীদের প্রকাশ্যে জানানোর জন্য শিলমাড়িয়া হাইস্কুল মাঠে আজ বিকেল চারটায় স্থানীয় যুবদল একটি সমাবেশ আহ্বান করেছিল। অপরদিকে বহিষ্কারের প্রতিবাদে আবু হায়াত একই স্থানে একই সময়ে একটি সভা আহ্বান করেছেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনোয়ার হোসেন বলেন, উপজেলার শিলমাড়িয়া হাইস্কুল মাঠে বিএনপির দুই পক্ষ একই সময়ে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত ওই স্থানে ১৪৪ ধারা জারি থাকবে।